ওয়ান নিউজ ডেস্ক: মাল্টিপল-এন্ট্রি বা একাধিকবার প্রবেশের সুবিধাযুক্ত এক বছর মেয়াদি ওমরাহ ভিসার ক্ষেত্রে নতুন নিয়ম কার্যকর করেছে সৌদি আরব। দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের গত রবিবারের (১৬ আগস্ট) নিশ্চিত করা তথ্যমতে, এই দীর্ঘমেয়াদি ভিসা হাতে থাকলেও ইচ্ছেমতো যখন-খুশি সরাসরি সৌদি আরবে প্রবেশের কোনো সুযোগ থাকছে না; বরং প্রত্যেকবার ভ্রমণের আগেই বাধ্যতামূলকভাবে ‘নুসুক’ (Nusuk) প্ল্যাটফর্মের মাধ্যমে অনুমোদিত সেবাদাতাদের কাছ থেকে নতুন সার্ভিস প্যাকেজ কিনে বুকিং করতে হবে এবং অ্যাপ থেকে ওমরাহ পালনের পারমিট সংগ্রহ করে সাথে রাখতে হবে। গত জুলাই মাস থেকে চালু হওয়া এই বিশেষ ভিসার আওতায় একজন দর্শনার্থী ইস্যুর তারিখ থেকে এক বছরের মধ্যে একাধিকবার দেশটিতে যাওয়ার সুবিধা পেলেও সেখানে সর্বমোট অবস্থানের মেয়াদ কোনোভাবেই ৯০ দিনের বেশি হতে পারবে না। মন্ত্রণালয়ের নতুন এই নির্দেশনায় স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে, যাত্রীদের পারমিট এবং সার্ভিস প্যাকেজে উল্লেখিত তারিখ হুবহু এক হতে হবে এবং কেনা প্যাকেজের মেয়াদ ভিসার বাকি থাকা মেয়াদের চেয়ে বেশি হতে পারবে না। মূলত ওমরাহ পালনকারীদের যাত্রা সহজ ও সুশৃঙ্খল করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে, যেখানে প্রথমবারের যাত্রীদের ক্ষেত্রে নুসুক থেকে প্যাকেজ কিনে তবেই ভিসা আবেদনের মূল প্রক্রিয়া শুরু করতে হবে এবং স্বয়ংক্রিয় ব্যবস্থার মাধ্যমে বন্দরে তাদের প্রবেশ ও প্রস্থানের হিসাব সংরক্ষণ করা হবে, যাতে ৯০ দিনের বৈধ সীমার বিষয়টি নিখুঁতভাবে তদারকি করা যায়।

