ওয়ান নিউজ ডেস্ক
রাজধানী ঢাকায় মঙ্গলবার দুপুরের পর শুরু হওয়া টানা বৃষ্টি ও ঝোড়ো আবহাওয়ার কারণে নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে সাধারণ মানুষের চলাচলে চরম ভোগান্তি দেখা দেয়। একই সঙ্গে ঈদ উপলক্ষে ঘরমুখো যাত্রীদের যাত্রাপথেও বাড়ে দুর্ভোগ।
বাস টার্মিনাল, রেলস্টেশন ও প্রধান সড়কগুলোতে যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় যাত্রীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে। অনেকে বৃষ্টির মধ্যেই ভিজে কষ্ট করে গন্তব্যের উদ্দেশে রওনা দিয়েছেন। বাসস্ট্যান্ড ও টার্মিনালগুলোতে ছাতা হাতে অপেক্ষমাণ মানুষের ভিড়ও চোখে পড়ে।
বৃষ্টির প্রভাব পড়েছে রাজধানীর পশুর হাটগুলোতেও। কোরবানির পশু কিনতে আসা ক্রেতা ও বিক্রেতারা কাদা ও পানি জমে যাওয়ার কারণে নানা সমস্যার মুখে পড়েছেন। ব্যবসায়ীরা জানিয়েছেন, হাটের বিভিন্ন অংশে পানি জমে থাকায় পশু রাখা, খাবার দেওয়া এবং ক্রেতাদের চলাচল কঠিন হয়ে পড়েছে। এতে কেনাবেচার কার্যক্রমও ব্যাহত হচ্ছে।
মিরপুরের কালশি রোড, মিরপুর-১০, কাজীপাড়াসহ রাজধানীর বিভিন্ন এলাকায় সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতার চিত্র দেখা গেছে। কোথাও হাঁটুসমান পানি জমেছে, আবার কোথাও ড্রেন উপচে রাস্তায় নোংরা পানি উঠে আসায় দুর্ভোগ আরও বেড়ে যায়।
রাজধানীর বেশ কয়েকটি পশুর হাটেও একই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে। বিশেষ করে কাজলা ব্রিজ থেকে মাতুয়াইল মৃধাবাড়ী পর্যন্ত বিস্তৃত পশুর হাট এলাকায় পরিস্থিতি বেশি খারাপ দেখা গেছে। সেখানে হাটের একটি বড় অংশ পানিতে তলিয়ে যাওয়ায় পশুগুলোকে দীর্ঘ সময় পানিতে দাঁড়িয়ে থাকতে হচ্ছে বলে জানা গেছে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ঢাকা ও আশপাশের জেলাসহ দেশের বিভিন্ন অঞ্চলে কালবৈশাখী ঝড়, বজ্রবৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে। কয়েকটি জেলায় দুপুর থেকে বিকাল পর্যন্ত ঝড়ো আবহাওয়ার সতর্কতাও জারি করা হয়েছে।

