দুই হাতের শক্তিতে এভারেস্ট জয়, ইতিহাস গড়লেন রুশ পর্বতারোহী

দুই হাতের শক্তিতে এভারেস্ট জয়, ইতিহাস গড়লেন রুশ পর্বতারোহী

ওয়ান নিউজ ডেস্ক

দুই পা হারানোর পরও থেমে যাননি রাশিয়ার পর্বতারোহী রুস্তাম নাবিয়েভ। অদম্য ইচ্ছাশক্তি আর কঠোর পরিশ্রমকে সঙ্গী করে কৃত্রিম পা ছাড়াই শুধুমাত্র দুই হাতের ওপর ভর করে জয় করেছেন বিশ্বের সর্বোচ্চ পর্বত মাউন্ট এভারেস্ট। এই অসাধারণ কৃতিত্বের মাধ্যমে মানব ইতিহাসে নতুন নজির গড়েছেন তিনি।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, চলতি বছরের নেপালের বসন্তকালীন পর্বতারোহণ মৌসুমে গত ২০ মে এভারেস্টের চূড়ায় পৌঁছান রুস্তাম নাবিয়েভ।

অভিযান সফল হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে এভারেস্টের চূড়ায় তোলা নিজের একটি ছবি প্রকাশ করেন তিনি। সেখানে একটি ফলকে লেখা ছিল— “যারা মনে করেন পড়ে যাওয়ার পর জীবন শেষ, তাদের জন্য।”

রুস্তাম জানান, স্থানীয় সময় সকাল ৮টা ১৬ মিনিটে তিনি এভারেস্টের চূড়ায় পৌঁছান। এরপর এই অর্জন তিনি বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা তার অনুসারী ও শুভাকাঙ্ক্ষীদের উৎসর্গ করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, এটি শুধু ব্যক্তিগত অর্জন নয়, বরং মানব ইচ্ছাশক্তির এক নতুন উদাহরণ। তিনি সবাইকে জীবনের প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

এভারেস্ট বেসক্যাম্পের কর্মকর্তারাও তার এই সাফল্যের বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, অভিযান শেষে তিনি নিরাপদে বেসক্যাম্পে ফিরে আসেন।

২০১৫ সালে একটি সামরিক ব্যারাক ধসে গুরুতর আহত হন রুস্তাম নাবিয়েভ। ওই দুর্ঘটনায় তার দুই পা কেটে ফেলতে হয়। তবে জীবনের সেই কঠিন অধ্যায়কে হার মানিয়ে তিনি নিজেকে নতুনভাবে গড়ে তোলেন। পুনর্বাসনের অংশ হিসেবে বেছে নেন পর্বতারোহণ ও আউটডোর কার্যক্রম।

তার এই ঐতিহাসিক সাফল্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রশংসা করছেন মানুষ। অনেকেই একে মানব সাহস, অধ্যবসায় ও আত্মবিশ্বাসের অনন্য উদাহরণ হিসেবে উল্লেখ করেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *