ওয়ান নিউজ ডেস্ক
দেশে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে তিন শিশুর শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছিল, আর চারজন হামের উপসর্গ নিয়ে মারা গেছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
বৃহস্পতিবার (২১ মে) প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত সময়ে এসব মৃত্যুর ঘটনা ঘটে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, একই সময়ে দেশের বিভিন্ন এলাকায় আরও ১ হাজার ৪২৩ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা গেছে। চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হামের উপসর্গে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৯ হাজার ২৭৯ জনে।
এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে ২০৮ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। মার্চের মাঝামাঝি সময় থেকে এখন পর্যন্ত মোট ৮ হাজার ২৭৫ জন শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
প্রতিবেদন বলছে, এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৪৬ হাজার ৪০৭ শিশু। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৪২ হাজার ৩৩৬ জন।
সবমিলিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ৪০৫ জন এবং নিশ্চিত হাম আক্রান্ত হয়ে ৮৩ জনের মৃত্যু হয়েছে। মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৮৮ জনে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, শিশুদের নিয়মিত টিকাদান নিশ্চিত করা এবং দ্রুত চিকিৎসাসেবা গ্রহণের মাধ্যমে হাম পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব। এ বিষয়ে অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন তারা।

