ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে এবং তা প্রতিরোধের লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলা বিএনপির উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
বৃহস্পতিবার বিকেলে শহরের জেলা পরিষদ প্রাঙ্গণ থেকে এক বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক-কালীবাড়ী মোড় ও টিএ রোডসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরবর্তীতে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে নানা অপতৎপরতা ও সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে মেতে উঠেছে। কোনো ষড়যন্ত্রই এ দেশের স্বাধীন ও সার্বভৌম জনতাকে দাবিয়ে রাখতে পারবে না। যেকোনো মূল্যে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করা হবে।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি ও সদর উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট তারিকুল ইসলাম খাঁন রুমা, জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন আহমেদসহ জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও কৃষক দলের নেতৃবৃন্দ।

