অন নিউজ ডেস্ক:
দীর্ঘ ৪৭ বছরের দীর্ঘ প্রতীক্ষার পর ময়মনসিংহের ত্রিশালের ঐতিহাসিক দরিরামপুর ধরার খাল (যা বৈলর খাল নামেও পরিচিত) আবারও পুনঃখননের উদ্যোগ নেওয়া হয়েছে। ১৯৭৯ সালে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিজে উপস্থিত থেকে যে খালটির খনন কাজ শুরু করেছিলেন, আজ শনিবার (২৩ মে) সেই খালেরই পুনঃখনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করতে ত্রিশালে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রশাসন ও স্থানীয় সূত্র নিশ্চিত করেছে, শনিবার বেলা সাড়ে ১২টার দিকে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বৈলর ইউনিয়নের দরিরামপুর গ্রামের এই ধরার খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। একই সফরে তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত তিন দিনব্যাপী অনুষ্ঠানমালারও শুভ উদ্বোধন করবেন।
ইতিহাস থেকে জানা যায়, ১৯৭৬-৭৭ সালের দিকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশব্যাপী যে ব্যাপক স্বনির্ভর খাল খনন কর্মসূচি হাতে নিয়েছিলেন, ত্রিশালের এই খালটি ছিল তারই একটি অংশ। পরবর্তীতে ১৯৭৯ সালে তিনি ব্যক্তিগত সফরে ত্রিশালে এসে স্থানীয় ‘ধরার খাল’ পরিমাপ ও খনন কার্যক্রমে সরাসরি অংশ নিয়েছিলেন।
এ বিষয়ে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব ও সিটি করপোরেশনের প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকন বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৭৯ সালে দরিরামপুর ধরার খাল খনন করেছিলেন। জনগণের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে ৪৭ বছর পর তারই সুযোগ্য সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও সেই খাল পুনঃখননের উদ্বোধন করতে যাচ্ছেন, যা অত্যন্ত আনন্দের বিষয়।”
ত্রিশাল আসনের সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন জানান, বাবার স্মৃতিবিজড়িত খালের পুনঃখনন কাজের উদ্বোধনের পর প্রধানমন্ত্রী স্থানীয় জনগণের সাথে মতবিনিময় করবেন। এরপর নজরুল একাডেমির ডাকবাংলোয় কিছু সময় বিশ্রাম নিয়ে বিকেল সাড়ে ৪টায় নজরুল জন্মজয়ন্তীর তিন দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করবেন তিনি। সেখানে প্রধান অতিথির ভাষণ দান শেষে অডিটোরিয়ামে জেলার বিএনপি নেতাকর্মীদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হবেন প্রধানমন্ত্রী।

