ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নাটাই দক্ষিণ ইউনিয়নের বড় হরণ গ্রামে পুকুর খননের সময় তাজা একটি মর্টারসেল উদ্ধার করেছেন স্থানীয় মাটিকাটা শ্রমিকরা। জানা যায়, রবিবার শ্রমিকরা কোদাল দিয়ে মাটি কাটার সময় হঠাৎ করেই মর্টারসেলটি দেখতে পান। পরে বিষয়টি দ্রুত স্থানীয়দের মাধ্যমে পুলিশকে জানানো হয়।
পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, ভাষাসৈনিক ও ব্রাহ্মণবাড়িয়া চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি ফরিদ উদ্দিন আহমেদের গ্রামের বাড়িতে পুকুর খননের সময় এই মর্টারসেলটি উদ্ধার করা হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মর্টারসেলটির চারপাশে দড়ি দিয়ে বেষ্টনী তৈরি করে নিরাপত্তা জোরদার করে। আজ সোমবার দুপুরে বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। সেনাবাহিনী জানায়, কুমিল্লা থেকে তাদের আর্টিলারি শেল ডিস্পোজাল ইউনিট এসে মর্টারসেলটি নিষ্ক্রিয় করবে।
এদিকে মর্টারসেল উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে আশপাশের বিভিন্ন এলাকা থেকে শিশু-কিশোরসহ নানা বয়সী মানুষ ঘটনাস্থলে ভিড় জমায়। তবে কোনো ধরনের দুর্ঘটনা এড়াতে পুলিশ পুরো এলাকাটি ঘিরে রাখে এবং সাধারণ মানুষকে নিরাপদ দূরত্বে থাকার আহ্বান জানায়।
পুলিশ আরও জানায়, সেনাবাহিনীর বিশেষজ্ঞ দল ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে এবং তারা পৌঁছানোর পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

