ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর সীমান্তে অভিযান চালিয়ে ৪ কোটি ৬০ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ভারতীয় অবৈধ মোবাইল ফোনের ৫ হাজার ৭৬০ পিস ডিসপ্লে জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে কার্টন ফেলে পালিয়ে যান ১৫ থেকে ২০ জন চোরাকারবারি।
শনিবার (২১ নভেম্বর) দুপুরে সরাইল ব্যাটালিয়নের (২৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ ব্যাটালিয়নের কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান।
বিজিবি জানায়, শনিবার রাত আনুমানিক ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগর উপজেলার কামালমোড়া সীমান্ত এলাকায় অভিযান চালায় মুকুন্দপুর বিওপির একটি টহলদল। সীমান্ত পিলার ২০০৭/৭-এর প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে এ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় ১৫ থেকে ২০ জন ব্যক্তি মাথায় কার্টন নিয়ে ভারত থেকে বাংলাদেশের দিকে আসছিলেন। বিজিবির টহলদলের উপস্থিতি টের পেয়ে তাঁরা কার্টন ফেলে দৌড়ে পালিয়ে যান। পরে বিজিবি সদস্যরা ফেলে যাওয়া কার্টনগুলো তল্লাশি করে ভারতীয় অবৈধ মোবাইল ফোনের ৫ হাজার ৭৬০ পিস ডিসপ্লে উদ্ধার করেন। জব্দ করা এসব ডিসপ্লের আনুমানিক বাজারমূল্য ৪ কোটি ৬০ লাখ ৮০ হাজার টাকা।
জব্দ করা মালামালসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আখাউড়া কাস্টমস অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি।
এদিকে, বিজিবির দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালের নভেম্বর থেকে ২০২৬ সালের ২১ নভেম্বর পর্যন্ত এক বছরে সরাইল ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা থেকে ১১২ কোটি ৩৪ লাখ ৬১ হাজার ৫৭৯ টাকা মূল্যের মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে। এসব ঘটনায় আটক করা হয়েছে ২৪ জনকে।
বিজিবি জানায়, সীমান্ত দিয়ে মাদক ও চোরাচালানি পণ্য প্রবেশ ঠেকাতে গোয়েন্দা নজরদারি ও নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।

