ওয়ান নিউজ ডেস্ক: রাজধানীর সরকারি ইউনানী ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজের ছাত্রাবাসে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে চার শিক্ষার্থীর আবাসিক সিট বাতিল করেছে কলেজ প্রশাসন। একই ঘটনায় এক বহিরাগতসহ মোট পাঁচজনকে আটক করে পুলিশে সোপর্দ করা হলে ভ্রাম্যমাণ আদালত তাদের ১৫ দিনের কারাদণ্ড দেয়।
কলেজ সূত্রে জানা গেছে, অভিযুক্ত চার শিক্ষার্থীর মধ্যে দুজন কলেজ শাখা ছাত্রদলের পদধারী নেতা রয়েছেন। তারা বিভিন্ন ব্যাচের ইউনানী ও আয়ুর্বেদিক বিভাগের শিক্ষার্থী।
গত ২২ এপ্রিল রাতে কলেজ ক্যাম্পাসের একটি এলাকায় সন্দেহজনক অবস্থায় এক শিক্ষার্থী ও এক বহিরাগতকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে আরও কয়েকজনের নাম সামনে আসে। বিষয়টি জানাজানি হলে কলেজ প্রশাসন জরুরি বৈঠক ডেকে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়।
পরদিন একাডেমিক কাউন্সিলের সভায় অভিযুক্তদের আবাসিক সিট বাতিলের সিদ্ধান্ত হয়। একই সঙ্গে তাদের থানায় হস্তান্তর করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত প্রত্যেককে ১৫ দিনের কারাদণ্ড দেন।
কলেজ প্রশাসনের একাধিক সূত্র দাবি করেছে, তদন্তে অভিযুক্তদের মোবাইল ফোন ও ব্যক্তিগত ডিভাইস থেকে আপত্তিকর তথ্য পাওয়া গেছে। এছাড়া হোস্টেলের অন্য শিক্ষার্থীদের অনৈতিক কর্মকাণ্ডে জড়ানোর চেষ্টা এবং ব্যক্তিগত ছবি বিভিন্ন অনলাইন গ্রুপে ছড়িয়ে দেওয়ার অভিযোগও উঠেছে।
এ বিষয়ে কলেজের অধ্যক্ষ ডা. মো. রাশিদুজ্জামান খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে আপাতত তাদের ছাত্রত্ব বহাল থাকবে।
ঘটনাটি প্রকাশ্যে আসার পর কলেজজুড়ে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে। প্রশাসন জানিয়েছে, ক্যাম্পাসের শৃঙ্খলা ও শিক্ষার পরিবেশ বজায় রাখতে প্রয়োজনীয় নজরদারি আরও বাড়ানো হবে।

