ওয়ান নিউজ ডেস্ক: রাজধানীর মতিঝিলে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের মহাসমাবেশে চালানো নারকীয় হত্যাযজ্ঞকে একটি সুপরিকল্পিত ‘গণহত্যা’ বা জেনোসাইড হিসেবে অভিহিত করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। সোমবার দুপুরে নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, তৎকালীন সরকার কতিপয় ব্লগার ও নাস্তিকদের প্ররোচনায় একটি ইসলামি সংগঠনকে নিশ্চিহ্ন করার উদ্দেশ্যে পুলিশ, র্যাব, বিজিবির পাশাপাশি আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগকে ব্যবহার করে শিশুসহ আলেম-ওলামাদের ওপর এই নজিরবিহীন বর্বরোচিত হামলা চালিয়েছিল। দীর্ঘদিন ধরে এই মানবতাবিরোধী অপরাধের কোনো বিচার বা তদন্ত না হলেও ট্রাইব্যুনালের দায়িত্ব নেওয়ার পর তিনি মামলাটিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দ্রুত তদন্ত সম্পন্ন করেছেন এবং হত্যাকাণ্ডে সরাসরি সম্পৃক্ততা পাওয়ায় ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করেছেন। চিফ প্রসিকিউটর আরও নিশ্চিত করেন যে, সংগৃহীত ৬১ জন শহীদের তালিকার মধ্যে ৫৮ জনের পূর্ণাঙ্গ নাম-ঠিকানা শনাক্ত করা সম্ভব হয়েছে এবং এর ভিত্তিতে ৫ মে মধ্যরাতে শাপলা চত্বরে ৩২ জন ও পরদিন ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ২০ জনকে হত্যার দুটি সুনির্দিষ্ট ঘটনায় এই চার্জ গঠন করা হয়েছে।

