নিজস্ব প্রতিবেদক:
আওয়ামী লীগের শাসনামলে দেশের সর্বস্তরে মাদক ছড়িয়ে দিয়ে তরুণ সমাজকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী। তিনি দাবি করেন, সে সময়ের অনেক মন্ত্রী-এমপিই মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন এবং প্রকৃতপক্ষে মাদকের ডিলার হিসেবে কাজ করেছেন। বর্তমান সরকার মাদকের সেই ভয়াবহ পরিস্থিতি থেকে দেশকে ফিরিয়ে আনতে কঠোরভাবে কাজ করছে বলেও মন্তব্য করেন তিনি।
সোমবার (২০ জুলাই) বেলা সাড়ে ১১টায় ঝিনাইদহ জেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপণ, গাছের চারা ও আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব অভিযোগ করেন।
অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী বলেন, গত ১৭ বছরে পরিকল্পিতভাবে দেশের প্রতিটি স্তরে মাদক ছড়িয়ে দেওয়া হয়েছে। এর ফলে অসংখ্য তরুণের জীবন বিপথে গেছে এবং সামাজিক অবক্ষয় বেড়েছে। এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে হলে মাদকের বিরুদ্ধে সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।
তিনি বলেন, শুধু আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান দিয়ে মাদক নির্মূল সম্ভব নয়। পরিবার, সমাজ, ধর্মীয় প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান এবং জনপ্রতিনিধিদের সমন্বিত উদ্যোগ ছাড়া এ সংকট মোকাবিলা করা যাবে না।
ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসক এম. এ. মজিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. নোমান হোসেন, পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশীষ বিন হাছান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সহসভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু ও আনোয়ারুল ইসলাম বাদশা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস এবং স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রথীন্দ্র নাথ রায়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা। এ সময় জেলার বিভিন্ন মসজিদ, মন্দির, সামাজিক প্রতিষ্ঠান ও অসচ্ছল মানুষের মাঝে প্রায় ১ কোটি ৪৮ লাখ ৪০ হাজার টাকা আর্থিক সহায়তার চেক এবং গাছের চারা বিতরণ করা হয়।
এর আগে অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী জেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপণ করেন এবং ঝিনাইদহ জেলার পরিচিতি ম্যাপের ফলক উন্মোচন করেন।

