ডেস্ক রিপোর্ট:
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অবসরপ্রাপ্ত শিক্ষক ও কর্মচারীদের অবসর সুবিধার অর্থ দ্রুত বিতরণে জরুরি নির্দেশনা জারি করেছে শিক্ষক-কর্মচারী অবসর সুবিধা বোর্ড। মঙ্গলবার (৬ মে) এ সংক্রান্ত একটি নোটিশ প্রকাশ করা হয়।
নোটিশে বলা হয়েছে, ২০২২ সালের জুন মাস পর্যন্ত অবসর সুবিধার জন্য আবেদন করা শিক্ষক ও কর্মচারীদের নিজ নিজ ব্যাংক হিসাব সচল রাখতে হবে। একই সঙ্গে প্রয়োজনীয় তথ্য নির্ধারিত ইমেইলে পাঠানোর অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।
অবসর সুবিধার অর্থ আইবাস ডাবল প্লাস পদ্ধতির মাধ্যমে পাঠানোর জন্য আবেদনকারীদের জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) কপি জমা দিতে বলা হয়েছে। কোনো আবেদনকারী মারা গেলে মনোনীত ব্যক্তির জাতীয় পরিচয়পত্রও পাঠাতে হবে বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।
বোর্ড জানিয়েছে, সঠিক তথ্য ও সচল ব্যাংক হিসাব না থাকলে অর্থ পাঠাতে জটিলতা তৈরি হতে পারে। এজন্য আবেদনকারীদের দ্রুত প্রয়োজনীয় তথ্য হালনাগাদ করার আহ্বান জানানো হয়েছে।
সংশ্লিষ্টরা বলছেন, দীর্ঘদিন ধরে অবসর সুবিধার অর্থ পাওয়ার অপেক্ষায় থাকা শিক্ষক-কর্মচারীদের জন্য এই প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে সরকার ও বোর্ড সমন্বিতভাবে কাজ করছে।

