আওয়ামী লীগের মতোই ‘একাত্তরের চেতনা’ বিক্রি করছে বিএনপি: রাশেদ প্রধান

আওয়ামী লীগের মতোই ‘একাত্তরের চেতনা’ বিক্রি করছে বিএনপি: রাশেদ প্রধান

অনলাইন ডেস্ক:
জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)-এর সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান অভিযোগ করেছেন, আওয়ামী লীগের মতোই বিএনপিও এখন একাত্তরের চেতনা রাজনৈতিকভাবে ব্যবহার করছে। মহান মে দিবস উপলক্ষে ‘শ্রমিক জাগপা’ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

রাজধানীর পল্টনে শফিউল আলম প্রধান মিলনায়তনে অনুষ্ঠিত ‘শ্রমিক জনতার ডাক, গণভোটের রায়ে জুলাই সনদ বাস্তবায়ন’ শীর্ষক ওই সভায় রাশেদ প্রধান বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদের সাম্প্রতিক অধিবেশনে ক্ষমতাসীন বিএনপি সরকারের বক্তব্যে পূর্ববর্তী আওয়ামী সরকারের ভাষারই প্রতিফলন দেখা গেছে।

তিনি বলেন, একসময় আওয়ামী লীগ জামায়াত-শিবির ও বিএনপিকে ‘রাজাকার’ আখ্যা দিত। বর্তমানে ক্ষমতায় গিয়ে বিএনপিও একই ভাষা ব্যবহার করছে, যা রাজনৈতিক অবস্থানের দ্বিচারিতার উদাহরণ। তার ভাষায়, “যে-ই ক্ষমতায় যায়, সে-ই নিজেকে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসেবে উপস্থাপন করতে চায়।”

রাশেদ প্রধান আরও দাবি করেন, স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য থেকেই প্রমাণিত হয় যে, দ্রুত ক্ষমতায় যাওয়াই বিএনপির মূল লক্ষ্য ছিল। তিনি বলেন, ‘জুলাই জাতীয় সনদ’ নিয়ে আপসের বিষয়টি প্রমাণ করে যে গণভোটের রায়ের চেয়ে রাজনৈতিক ক্ষমতাই বেশি গুরুত্ব পেয়েছে।

তিনি অভিযোগ করেন, গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে বিভ্রান্তিকর প্রচারণা চালানো হয়েছিল, যা জনগণের সঙ্গে প্রতারণার শামিল।

মে দিবসের প্রেক্ষাপটে রাশেদ প্রধান শ্রমিকদের আন্দোলনের ঐতিহাসিক ভূমিকার কথা উল্লেখ করে বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মতো আবারও ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার প্রয়োজন রয়েছে। গণভোটের রায় বাস্তবায়ন এবং নতুন করে কোনো স্বৈরাচার প্রতিষ্ঠা ঠেকাতে জনগণকে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি।

সভায় সভাপতিত্ব করেন শ্রমিক জাগপা সভাপতি আসাদুজ্জামান বাবুল এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন। এতে আরও বক্তব্য দেন জাগপার সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, প্রকাশনা সম্পাদক এস এম জিয়াউল আনোয়ার এবং যুব জাগপা সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলামসহ অন্যান্য নেতারা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *