আন্তর্জাতিক ডেস্ক:
ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান টানাপোড়েন আরও জটিল রূপ নিচ্ছে। কূটনৈতিক আলোচনায় অগ্রগতি না হওয়ায় এবার সামরিক পদক্ষেপের দিকেও ঝুঁকছে ওয়াশিংটন—এমন ইঙ্গিত মিলেছে মার্কিন গণমাধ্যমের একাধিক প্রতিবেদনে।
অ্যাক্সিওস জানায়, মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)-এর প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার ইরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে দ্রুত সময়ে শক্তিশালী হামলা চালানোর একটি পরিকল্পনা তৈরি করেছেন। এই পরিকল্পনা নিয়ে শিগগিরই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ব্রিফ করা হতে পারে।
প্রতিবেদনে বলা হয়েছে, সম্ভাব্য হামলার লক্ষ্য হতে পারে ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামো, যা কূটনৈতিক অচলাবস্থা ভাঙতে চাপ সৃষ্টির কৌশল হিসেবে বিবেচনা করা হচ্ছে।
এর পাশাপাশি বিকল্প পদক্ষেপ হিসেবেও হরমুজ প্রণালির আংশিক নিয়ন্ত্রণ নেওয়ার প্রস্তাব রয়েছে। এতে আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচল পুনরায় সচল করার চেষ্টা করা হবে। প্রয়োজনে স্থলবাহিনী ব্যবহারের সম্ভাবনাও আলোচনায় রয়েছে।
সূত্র মতে, বর্তমানে ইরানের ওপর নৌ অবরোধকে প্রধান চাপ প্রয়োগের মাধ্যম হিসেবে ব্যবহার করছে যুক্তরাষ্ট্র। তবে তেহরান যদি তাদের অবস্থান পরিবর্তন না করে, তাহলে সামরিক বিকল্প বাস্তবায়নের দিকেও অগ্রসর হতে পারে ওয়াশিংটন।
বিশ্লেষকদের মতে, এ পরিস্থিতি শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ না থেকে পুরো মধ্যপ্রাচ্য অঞ্চলের স্থিতিশীলতায় বড় ধরনের প্রভাব ফেলতে পারে। একই সঙ্গে বৈশ্বিক জ্বালানি বাজারেও এর প্রতিক্রিয়া পড়ার আশঙ্কা রয়েছে।

