ওয়ান নিউজ ডেস্ক:
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সোমবার থেকে শুরু হচ্ছে টানা সাত দিনের সরকারি ছুটি। আগামী ৩১ মে পর্যন্ত চলবে এই দীর্ঘ অবকাশ। ইতোমধ্যে রাজধানী ছাড়তে শুরু করেছেন ঘরমুখো মানুষ।
তবে ঈদের আনন্দঘন এই ছুটিতেও দায়িত্ব পালন করতে হবে বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতের কর্মীদের। নাগরিক সেবা ও জরুরি কার্যক্রম সচল রাখতে অনেকেই ছুটির বাইরে থাকছেন।
সরকারি নির্দেশনা অনুযায়ী বিদ্যুৎ, গ্যাস, পানি ও জ্বালানি খাতের কর্মীরা ঈদের সময়ও দায়িত্বে থাকবেন। পাশাপাশি ফায়ার সার্ভিস, পরিচ্ছন্নতা কার্যক্রম, ডাক ও টেলিযোগাযোগ সেবার সঙ্গে জড়িতদেরও ছুটি মিলছে না।
দেশের হাসপাতাল ও জরুরি চিকিৎসাসেবা পুরো সময় চালু থাকবে। ফলে চিকিৎসক, নার্স, হাসপাতাল কর্মী এবং ওষুধ সরবরাহ ব্যবস্থার সঙ্গে যুক্ত ব্যক্তিদেরও কর্মস্থলে থাকতে হবে।
এ ছাড়া বন্দর, পরিবহন ও ইন্টারনেট সেবা সচল রাখতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোও সীমিত পরিসরে কাজ চালিয়ে যাবে। ব্যাংকিং খাতে গ্রাহকসেবা ও এটিএম কার্যক্রম চালু রাখতে আলাদা নির্দেশনা দেবে বাংলাদেশ ব্যাংক।
সরকার জানিয়েছে, ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে এবং জরুরি রাষ্ট্রীয় সেবা সচল রাখতেই কয়েকটি গুরুত্বপূর্ণ খাতকে সাধারণ ছুটির বাইরে রাখা হয়েছে।
উল্লেখ্য, দীর্ঘ ছুটির সমন্বয়ের অংশ হিসেবে এর আগে দুই দিন সাপ্তাহিক ছুটির দিনেও সরকারি অফিস খোলা রাখা হয়েছিল।

