ওয়ান নিউজ ডেস্ক
ঢাকা: পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় শেষে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২৮ মে) সকালে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে নিয়ে তিনি মরহুম পিতা-মাতার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন।
এর আগে, সকাল সাড়ে ৭টায় হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাতে শরিক হন প্রধানমন্ত্রী। বিশেষ এই জামাতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ছাড়াও মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, দেশের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব, বিভিন্ন মুসলিম দেশের কূটনৈতিক প্রতিনিধি এবং সর্বস্তরের সাধারণ মুসল্লিরা এক কাতারে দাঁড়িয়ে নামাজ আদায় করেন।
জাতীয় ঈদগাহের এই প্রধান জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক। দুই রাকাত ওয়াজিব নামাজ শেষে খতিব সাহেব উপস্থিত মুসল্লিদের উদ্দেশে বিশেষ খুৎবা পাঠ করেন এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় মোনাজাত করা হয়।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নিখুঁত ব্যবস্থাপনায় এবার জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের জামাতের জন্য ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছিল। প্রায় সাড়ে তিন হাজার নারীসহ মোট ৩৫ হাজার মুসল্লির স্বস্তিদায়ক নামাজ আদায়ের জন্য পুরো মাঠজুড়ে ওয়াটারপ্রুফ সামিয়ানা ও কার্পেট বিছানো হয়। এছাড়া নারীদের জন্য সম্পূর্ণ আলাদা প্রবেশপথ, ওজু ও নামাজ আদায়ের বিশেষ ব্যবস্থা রাখা হয়েছিল। নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মুসল্লিদের সুবিধার্থে পর্যাপ্ত ওজুখানা, ভ্রাম্যমাণ টয়লেট এবং জরুরি মেডিকেল টিমের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।

