ওয়ান নিউজ ডেস্ক: রাজধানীর উত্তরখান ও দক্ষিণখান এলাকার লাখো মানুষের প্রতিদিনের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে আজমপুর, আবদুল্লাহপুর ও কসাইবাড়ী রেলক্রসিংয়ের তীব্র যানজট। বিকল্প রাস্তা না থাকায় ট্রেন পারাপারের সময় এখানে ঘণ্টার পর ঘণ্টা অ্যাম্বুলেন্স, শিক্ষার্থী ও সাধারণ মানুষ আটকে থাকে। এই ভোগান্তির অবসান ঘটাতে অবশেষে উদ্যোগ নিয়েছে সরকার। ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন গত সংসদ অধিবেশনে এই জনদুর্ভোগের চিত্রটি তুলে ধরলে, প্রধানমন্ত্রী তারেক রহমান বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করেন। তারই পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রটোকল অফিসার-১ মো. উজ্জল হোসেন স্বাক্ষরিত একটি চিঠির মাধ্যমে রেলপথ মন্ত্রণালয়কে ওই ৩টি পয়েন্টে দ্রুত আন্ডারপাস ও ওভারপাস নির্মাণের প্রশাসনিক কাজ শুরুর নির্দেশ দেওয়া হয়েছে। শুক্রবার (১৯ জুন) বিকেলে এই চিঠির প্রাপ্তি নিশ্চিত করে স্থানীয় এমপি আশা প্রকাশ করেন যে, এই প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়ন হলে উত্তরার একটি বিরাট অংশ চিরতরে যানজটমুক্ত হবে। এই কাজের অগ্রগতির একটি প্রতিবেদন জরুরি ভিত্তিতে প্রধানমন্ত্রীর দপ্তরে জমা দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।

