ওয়ান নিউজ ডেস্ক:
উপবৃত্তি পাওয়া ৬ষ্ঠ ও একাদশ শ্রেণির শিক্ষার্থীদের তথ্য সংগ্রহ ও প্রেরণ সংক্রান্ত নতুন নির্দেশনা জারি করেছে সরকার। বিশেষ করে যেসব শিক্ষার্থীর ক্ষেত্রে বাবা-মায়ের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নম্বর প্রদান সম্ভব হচ্ছে না, তাদের আলাদাভাবে চিহ্নিত করে তথ্য পাঠাতে বলা হয়েছে।
রোববার (৩ মে) প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে পাঠানো এক নির্দেশনায় জানানো হয়, সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় এইচএসপি-এমআইএস সফটওয়্যারে শিক্ষার্থীদের তথ্য এন্ট্রি কার্যক্রম চলছে। তবে কিছু শিক্ষার্থীর ক্ষেত্রে বাবা বা মায়ের মৃত্যু, উভয়ের অনুপস্থিতি কিংবা বিবাহ বিচ্ছেদের কারণে অভিভাবকের এনআইডি নম্বর যুক্ত করা সম্ভব হচ্ছে না।
এ প্রেক্ষাপটে, যেসব শিক্ষার্থীর ক্ষেত্রে শুধু বাবা জীবিত, শুধু মা জীবিত, উভয়েই মৃত বা পারিবারিক বিচ্ছেদের কারণে এনআইডি দেওয়া যাচ্ছে না—তাদের পৃথকভাবে তালিকাভুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট তথ্য শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিকভাবে সংগ্রহ করে উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে পাঠাতে হবে।
নির্দেশনায় বলা হয়েছে, তথ্য প্রেরণের ক্ষেত্রে শিক্ষার্থীর শ্রেণি, প্রতিষ্ঠানের নাম, মোট শিক্ষার্থীর সংখ্যা, এনআইডি না থাকা শিক্ষার্থীর সংখ্যা এবং কারণ অনুযায়ী পৃথক পরিসংখ্যান উল্লেখ করতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের ইআইআইএন নম্বর ও উপজেলার নামও সংযুক্ত করতে হবে।
সরকারি নির্দেশনা অনুযায়ী, এসব তথ্য আগামী ৭ মে’র মধ্যে জমা দিতে হবে এবং বিষয়টিকে ‘অতি জরুরি’ হিসেবে বিবেচনা করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।

