এসএসসি প্রশ্নফাঁসের খবর গুজব: শিক্ষা মন্ত্রণালয়

এসএসসি প্রশ্নফাঁসের খবর গুজব: শিক্ষা মন্ত্রণালয়

ওয়ান নিউজ প্রতিবেদন

চলতি বছরের এসএসসি পরীক্ষার প্রশ্নফাঁস সংক্রান্ত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও গুজব বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

রোববার (২৬ এপ্রিল) মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু অনলাইন প্ল্যাটফর্মে এসএসসি ২০২৬ সালের বাংলা প্রথম পত্রের প্রশ্নফাঁস হয়েছে বলে যে দাবি ছড়ানো হয়েছে, তা ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।

শিক্ষা মন্ত্রণালয় জানায়, ইতোমধ্যে ২১ ও ২৩ এপ্রিল বাংলা প্রথম ও দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এবং কোথাও কোনো অনিয়ম বা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। পরীক্ষা শেষ হওয়ার পর প্রশ্নফাঁস সংক্রান্ত এমন তথ্য ছড়ানো শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে অযথা উদ্বেগ তৈরি করছে।

এতে আরও বলা হয়, এ ধরনের গুজব ছড়িয়ে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অপচেষ্টা চালানো হচ্ছে এবং এ বিষয়ে মন্ত্রণালয় বা এর অধীন কোনো কর্মকর্তা-কর্মচারীর সম্পৃক্ততা নেই।

জনসাধারণকে বিভ্রান্তিকর তথ্য থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বিবৃতিতে বলা হয়, প্রশ্নফাঁসের নামে কোনো ধরনের অর্থ লেনদেন থেকে বিরত থাকতে হবে। পাশাপাশি এ ধরনের অপপ্রচার নজরে এলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে অনুরোধ করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *