কুয়ালালামপুরে তারেক-আনোয়ার শীর্ষ বৈঠক: দ্রুত শ্রমবাজার চালু ও রোহিঙ্গা প্রত্যাবাসনে মালয়েশিয়ার সহযোগিতা কামনা

কুয়ালালামপুরে তারেক-আনোয়ার শীর্ষ বৈঠক: দ্রুত শ্রমবাজার চালু ও রোহিঙ্গা প্রত্যাবাসনে মালয়েশিয়ার সহযোগিতা কামনা

ওয়ান নিউজ ডেস্ক: বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার বন্ধ থাকা কর্মসংস্থান বাজার দ্রুততম সময়ের মধ্যে পুনরায় উন্মুক্ত করার জন্য দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের প্রতি বিশেষ আহ্বান জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২২ জুন) মালয়েশিয়ার কুয়ালালামপুরের পুত্রজায়ায় অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয় ‘পেরদানা পুত্রা’ ভবনে দুই দেশের সরকারপ্রধানের মধ্যে এক একান্ত বৈঠক এবং পরবর্তীতে উচ্চ পর্যায়ের দ্বিপাক্ষিক আলোচনা শেষে যৌথ ব্রিফিংয়ে তিনি এই কথা জানান। বৈঠকে বাংলাদেশের পক্ষে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীসহ উচ্চপদস্থ প্রতিনিধি দল অংশ নেন, যেখানে বাণিজ্য, বিনিয়োগ বৃদ্ধি, জ্বালানি খাতে অংশীদারত্ব, সেমিকন্ডাক্টর শিল্প এবং শিক্ষা ও কৃষি ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে বিশদ আলোচনা হয়। যৌথ বিবৃতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান উল্লেখ করেন যে, তিনি আনোয়ার ইব্রাহিমকে আরও বেশি বাংলাদেশি জনশক্তি নিয়োগের পাশাপাশি অনিয়মিত কর্মীদের বৈধ করা এবং আটককৃতদের পুনরায় কাজে নিয়োগের বিষয়টি বিবেচনার অনুরোধ করেছেন; একই সাথে উভয় নেতা অভিবাসন প্রক্রিয়াকে স্বচ্ছ, সাশ্রয়ী ও মধ্যস্বত্বভোগীহীন করার বিষয়ে একমত পোষণ করেন। রোহিঙ্গা সংকট নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে মিয়ানমারে তাদের নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনে মালয়েশিয়ার ভূমিকার প্রশংসা করার পাশাপাশি আসিয়ান-এর সেক্টরাল ডায়ালগ পার্টনার হওয়া এবং জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতিত্বে ঢাকাকে সমর্থন দেওয়ায় কুয়ালালামপুরকে ধন্যবাদ জানান তিনি। দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বৈশ্বিক বিষয়ে আলোচনার পাশাপাশি চুক্তি স্বাক্ষর ও বিনিময় হওয়া দ্বিপাক্ষিক দলিলগুলোকে স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন যে, এই ঐতিহাসিক আলোচনা বাংলাদেশ ও মালয়েশিয়ার ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের ক্ষেত্রে এক নতুন দিগন্তের উন্মোচন করবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *