কৃষক কার্ডে মিলবে ১০ ধরনের সুবিধা, জানালেন চিফ হুইপ

কৃষক কার্ডে মিলবে ১০ ধরনের সুবিধা, জানালেন চিফ হুইপ

উৎপাদন বাড়াতে কৃষকদের জন্য নতুন উদ্যোগ সরকারের

ওয়ান নিউজ ডেস্ক:
দেশের কৃষকদের আর্থিক ও প্রযুক্তিগত সহায়তা বাড়াতে সরকার কৃষক কার্ড কার্যক্রম চালু করেছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ ও বিএনপির সংসদ সদস্য নুরুল ইসলাম মনি। তিনি বলেন, এই কার্ডের মাধ্যমে কৃষকরা বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা পাবেন, যা কৃষি উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বৃহস্পতিবার (১৪ মে) বরগুনা শিল্পকলা একাডেমিতে আয়োজিত কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চিফ হুইপ জানান, কৃষক কার্ডের আওতায় কৃষকদের জন্য ১০ ধরনের সেবা ও সুবিধা নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে। এর ফলে উৎপাদন ব্যয় কমবে, ফসলের পরিমাণ বাড়বে এবং কৃষকরা অর্থনৈতিকভাবে আরও লাভবান হবেন।

তিনি বলেন, দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কৃষি খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। অতীতের খাদ্যসংকটের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে কৃষি অবকাঠামো ও সেচ ব্যবস্থার উন্নয়নে বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে।

পানি ব্যবস্থাপনা সহজ করতে খাল খনন কার্যক্রম চালুর কথাও উল্লেখ করেন তিনি। একইসঙ্গে ক্ষুদ্র কৃষকদের স্বস্তি দিতে কৃষিঋণের একটি অংশ মওকুফ করার বিষয়টিও তুলে ধরেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তাছলিমা আক্তার। এতে আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম মোল্লা, অতিরিক্ত পুলিশ সুপার মো. ইব্রাহিম হোসেন, পিপি অ্যাডভোকেট নুরুল আমিন এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক রথীন্দ্র নাথ বিশ্বাস।

তিন দিনব্যাপী এই কৃষি মেলায় বিভিন্ন আধুনিক কৃষি প্রযুক্তি, পুষ্টি বিষয়ক প্রদর্শনী এবং কৃষিভিত্তিক তথ্যচিত্র প্রদর্শনের আয়োজন করা হয়েছে। আগামী ১৬ মে পর্যন্ত প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মেলা চলবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *