বিকেলে ঢাকায় পৌঁছাবে ফ্লাইট, বনানী ডিওএইচএসে হবে জানাজা
ওয়ান নিউজ ডেস্ক:
জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও উদীয়মান অভিনেত্রী কারিনা কায়সারের মরদেহ আজ রোববার ভারত থেকে দেশে আনা হচ্ছে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, বিকেলে চেন্নাই থেকে একটি ফ্লাইটে তার মরদেহ ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
পারিবারিক সূত্র বলছে, মরদেহ দেশে আনার পুরো ব্যবস্থাপনায় সহযোগিতা করছে ইউএস-বাংলা এয়ারলাইনস। শনিবার মরদেহ আনার চেষ্টা করা হলেও কিছু জটিলতার কারণে তা সম্ভব হয়নি। পরে রোববার বিকেলের ফ্লাইটে মরদেহ পাঠানোর বিষয়টি নিশ্চিত করা হয়।
ঢাকায় পৌঁছানোর পর প্রথমে বনানী ডিওএইচএসে পরিবারের বাসভবনে নেওয়া হবে কারিনার মরদেহ। এরপর বনানী ডিওএইচএস কেন্দ্রীয় মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
কারিনার বাবা, সাবেক জাতীয় ফুটবলার কায়সার হামিদ জানিয়েছেন, সোমবার মরদেহ মুন্সীগঞ্জের গজারিয়ায় নেওয়া হবে। সেখানেই পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
এর আগে গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন কারিনা কায়সার। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে ভারতের চেন্নাইয়ে স্থানান্তর করা হয়।
চিকিৎসকরা জানান, লিভারজনিত জটিলতা এবং শারীরিক দুর্বলতার কারণে তার অবস্থা ক্রমেই সংকটাপন্ন হয়ে ওঠে। শেষ পর্যন্ত শুক্রবার গভীর রাতে ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।
অস্ট্রেলিয়ায় পড়াশোনা শেষে দেশে ফিরে সামাজিক যোগাযোগমাধ্যমে কনটেন্ট নির্মাণের মাধ্যমে জনপ্রিয়তা পান কারিনা। পরবর্তীতে অভিনয় জগতেও নিজের অবস্থান তৈরি করছিলেন এই তরুণী। তার অভিনীত উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘ইন্টার্নশিপ’ ও ‘৩৬-২৪-৩৬’।
তার অকাল মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমসহ শোবিজ অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।

