ওয়ান নিউজ ডেস্ক: মঙ্গলবার সকালে শরীয়তপুর পৌরসভা মিলনায়তনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা শাখা আয়োজিত এক নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিরোধীদলীয় চিফ হুইপ ও দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম মন্তব্য করেছেন যে, ছাত্রসমাজের বুকের তাজা রক্তের বিনিময়েই বর্তমান প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের লন্ডন থেকে দেশে ফেরা সম্ভব হয়েছে। তিনি অভিযোগ করেন, পতিত স্বৈরাচার আওয়ামী লীগের সঙ্গে পর্দার আড়ালের চুক্তির মাধ্যমেই বিএনপি রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে এবং বর্তমানে দেশি-বিদেশি এই দুই অপশক্তির যাঁতাকলে পিষ্ট হয়ে দেশের সাধারণ মানুষ চরম অশান্তিতে দিন কাটাচ্ছে। পুরনো অর্থ পাচারকারীদের বদলে নতুন চক্রের উত্থান হয়েছে উল্লেখ করে তিনি বলেন, দেশজুড়ে সিন্ডিকেটের দৌরাত্ম্যে গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম সাধারণের নাগালের সম্পূর্ণ বাইরে চলে গেলেও তা নিয়ন্ত্রণে সরকার চরমভাবে ব্যর্থ হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কড়া হুঁশিয়ারি উচ্চারণ করে এনসিপির এই শীর্ষ নেতা জানান, নিজ দলের ভেতরে ঘাপটি মেরে থাকা চাঁদাবাজ, টেন্ডারবাজ ও দখলদারদের অবিলম্বে চিহ্নিত করে বহিষ্কার না করলে তাঁর কোনো রাষ্ট্রীয় পরিকল্পনাই সফলতার মুখ দেখবে না। একইসঙ্গে তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, দুর্নীতি, নিয়োগ বাণিজ্য ও সার বিতরণে দলীয়করণের তীব্র সমালোচনা করে প্রশাসনকে অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে সম্পূর্ণ নিরপেক্ষভাবে জনস্বার্থে কাজ করার আহ্বান জানান। জেলা এনসিপির আহ্বায়ক অ্যাডভোকেট মোহাম্মদ রুহুল আমিনের সভাপতিত্বে এবং সদস্যসচিব সবুজ তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠিত এই প্রতিবাদী সমাবেশে আরও উপস্থিত ছিলেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আদীব আরিফ, শ্রমিক শক্তির সদস্যসচিব ঋজু মোর্শেদ, কেন্দ্রীয় নেতা ইমরান হোসেনসহ যুবশক্তি, ছাত্রশক্তি, নারীশক্তি ও শ্রমিকশক্তির বিভিন্ন পর্যায়ের স্থানীয় নেতৃবৃন্দ।

