নিজস্ব প্রতিবেদক, ঢাকা:
সরকার নিজেদের ব্যর্থতা আড়াল করতে জনগণকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে—এমন অভিযোগ তুলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন, সহিংসতার পরিবেশ সৃষ্টি না করে জনগণের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে।
বুধবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ‘গণভোটের রায় বাস্তবায়নে আমাদের করণীয়’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় তিনি এসব কথা বলেন। খেলাফত মজলিস এই আলোচনার আয়োজন করে।
মিয়া গোলাম পরওয়ার বলেন, সংবিধানে নাগরিকদের মৌলিক অধিকার নিশ্চিত থাকলেও বাস্তবে মানুষ তা ভোগ করতে পারছে না। বিরোধী রাজনৈতিক কার্যক্রমে বাধা, ভাঙচুর ও হামলার অভিযোগ তুলে তিনি বলেন, এসব পরিস্থিতি দেশের আইনশৃঙ্খলার জন্য উদ্বেগজনক।
চট্টগ্রামে সাম্প্রতিক সহিংসতার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ছোট ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ ও সাধারণ মানুষের দুর্ভোগ বাড়ছে। দ্রুত এসব পরিস্থিতি নিয়ন্ত্রণে না আনলে পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা রয়েছে।
সংস্কার প্রসঙ্গে তিনি দাবি করেন, বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে আগে যে ঐকমত্য হয়েছিল, তা নিয়ে এখন বিভ্রান্তি তৈরি করা হচ্ছে। গণভোট ও নির্বাচন নিয়ে বিভ্রান্তি দূর করে স্পষ্ট অবস্থান নেওয়ারও আহ্বান জানান তিনি।
এছাড়া ‘নোট অব ডিসেন্ট’ নিয়ে ভুল ব্যাখ্যা দিয়ে জনগণকে বিভ্রান্ত না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতেই সিদ্ধান্ত কার্যকর হওয়া উচিত।
গোলটেবিল বৈঠকে আরও বক্তব্য দেন এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। তারা রাজনৈতিক সংস্কার, অর্থনৈতিক চাপ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

