জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার

জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার

ওয়ান নিউজ ডেস্ক:

জনগণের আস্থা অর্জন এবং জনমুখী শাসনব্যবস্থা নিশ্চিত করতে ত্রয়োদশ জাতীয় সংসদ কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

তিনি বলেন, ‘সংসদের মর্যাদা শুধু তার সাংবিধানিক ক্ষমতার ওপর নির্ভর করে না, এটি জনগণের আস্থার সঙ্গেও সম্পর্কিত। সংসদ-সদস্যদের দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য সংবিধান ও কার্যপ্রণালী-বিধি সম্পর্কে সম্যক জ্ঞান থাকা জরুরি।’

বৃহস্পতিবার (৪ জুন) জাতীয় সংসদ সচিবালয়ের শপথ কক্ষে সংসদ-সদস্যদের জন্য আয়োজিত ‘সংবিধান, কার্যপ্রণালী-বিধি ও সংসদীয় কার্যক্রম’ শীর্ষক ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভুঁইয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম মণি এবং বিরোধী দলের নেতা ডা. মো. শফিকুর রহমান।

স্পিকার বলেন, সংসদ পরিচালিত হয় সংবিধান ও প্রাসঙ্গিক আইনগত কাঠামোর ভিত্তিতে। কার্যপ্রণালী-বিধি শুধু প্রশাসনিক আনুষ্ঠানিকতা নয়, এটি সংসদ-সদস্যদের দায়িত্ব পালনের একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার। প্রস্তাব উত্থাপন, বিল পর্যালোচনা এবং সংসদীয় কার্যক্রমে কার্যকর অংশগ্রহণের জন্য এ বিষয়ে স্পষ্ট ধারণা থাকা প্রয়োজন।

তিনি আরও বলেন, সংসদের প্রধান তিনটি দায়িত্ব হলো আইন প্রণয়ন, তদারকি এবং নির্বাহী বিভাগের জবাবদিহিতা নিশ্চিত করা। সরকারি ও বিরোধী দলের গঠনমূলক অংশগ্রহণের মাধ্যমে জনসম্পৃক্ততা ও কার্যকর আইন প্রণয়ন প্রক্রিয়া নিশ্চিত হয়।

সংসদীয় প্রতিষ্ঠান শক্তিশালীকরণে ইউএনডিপি ও সুইজারল্যান্ড দূতাবাসের ‘স্ট্রেনদেনিং ইনস্টিটিউশনস, পলিসিজ অ্যান্ড সার্ভিসেস (সিপস)’ কর্মসূচির অবদানের কথাও উল্লেখ করেন স্পিকার।

চিফ হুইপ মো. নূরুল ইসলাম মণি বলেন, শেখার কোনো শেষ নেই। এই ওরিয়েন্টেশন প্রোগ্রামে অংশগ্রহণকারীরা শিক্ষক বা ছাত্র হিসেবে নয়, বরং অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে একে অপরের কাছ থেকে শেখার সুযোগ পাবেন।

তিনি বলেন, কার্যপ্রণালী-বিধি, সংবিধান এবং সংসদের রেওয়াজ ও রীতি-নীতি সম্পর্কে ধারণা গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া, সরকারের জবাবদিহিতা নিশ্চিত করা এবং সুশাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিরোধী দলের নেতা ডা. মো. শফিকুর রহমান বলেন, জনগণের করের টাকায় সংসদ পরিচালিত হয়। তাই সুশাসন, অর্থনৈতিক সংস্কার এবং টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যেই সংসদীয় কার্যক্রম পরিচালিত হওয়া উচিত।

দুই দিনব্যাপী ওরিয়েন্টেশন কোর্সের দ্বিতীয় গ্রুপে ময়মনসিংহ, নেত্রকোনা, ঢাকা, চট্টগ্রাম ও বান্দরবানের বিভিন্ন আসনের নির্বাচিত সংসদ-সদস্য এবং সংরক্ষিত নারী আসনের সদস্যরা অংশ নেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *