ওয়ান নিউজ ডেস্ক: পুলিশ বাহিনী যেন ভবিষ্যতে কোনো স্বৈরশাসন বা ফ্যাসিবাদী শক্তির হাতিয়ার হিসেবে ব্যবহৃত না হয়, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, দেশের স্বাধীনতা ও জনগণের অধিকার রক্ষায় পুলিশকে সবসময় গণমানুষের পাশে থাকতে হবে।
রোববার (১০ মে) রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে পুলিশ সপ্তাহ-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী রাজারবাগের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তানি বাহিনীর প্রথম হামলার শিকার হয়েছিল এখানকার পুলিশ সদস্যরা। তাদের আত্মত্যাগ দেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে আছে।
তিনি বলেন, স্বাধীনতার জন্য যারা জীবন দিয়েছেন, তাদের সেই আত্মত্যাগের মর্যাদা রক্ষা করা রাষ্ট্রের এবং আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব।
তারেক রহমান আরও বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং মানবিক আচরণ বজায় রাখা পুলিশের অন্যতম বড় দায়িত্ব। তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশ পুলিশ ভবিষ্যতেও পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করবে।
বক্তব্যে তিনি সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটও তুলে ধরেন। বলেন, দীর্ঘ আন্দোলন ও গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জনগণের ভোটে বর্তমান সরকার প্রতিষ্ঠিত হয়েছে। তাই জনগণের প্রত্যাশা পূরণে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে।
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশের অবদানের প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে পুলিশ সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। একই ধরনের মানবিক ও পেশাদার আচরণ দেশের ভেতরেও প্রত্যাশা করেন তিনি।

