জয়–পলকের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলার সাক্ষ্যগ্রহণ আজ

জয়–পলকের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলার সাক্ষ্যগ্রহণ আজ

ওয়ান নিউজ ডেস্ক | ঢাকা

জুলাই গণঅভ্যুত্থান চলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে আজ সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সোমবার (১৮ মে) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বেঞ্চে এ মামলার শুনানি ও সাক্ষ্যগ্রহণের কার্যক্রম চলবে।

এর আগে গত ৩ মে মামলার ষষ্ঠ সাক্ষীর সাক্ষ্যগ্রহণের দিন ধার্য ছিল। তবে শারীরিক অসুস্থতার কারণে সাক্ষী আদালতে উপস্থিত হতে না পারায় শুনানি পেছানো হয়। পরে ট্রাইব্যুনাল নতুন করে আজকের তারিখ নির্ধারণ করে।

বর্তমানে মামলার অন্যতম আসামি জুনাইদ আহমেদ পলক কারাগারে রয়েছেন। অপরদিকে পলাতক থাকায় সজীব ওয়াজেদ জয়ের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আদালতে আইনি কার্যক্রম পরিচালনা করছেন।

এর আগে গত ২৬ এপ্রিল মামলার পঞ্চম সাক্ষীর জেরা শেষ হয়। ওই সাক্ষী ছিলেন বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (বিটিসিএল)-এর একজন কর্মকর্তা। আসামিপক্ষের আইনজীবীরা তাকে জেরা করেন। এর আগে ১৯ এপ্রিল তার জবানবন্দি রেকর্ড করা হয়েছিল।

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ১৪ জুলাই রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক কার্যক্রম পরিচালনার নির্দেশ দেওয়া হয়। এর পরদিন ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন এলাকায় আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনা ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

মামলায় আরও বলা হয়েছে, ইন্টারনেট সেবা বন্ধে ভূমিকা রাখা, সহিংসতা উসকে দেওয়া এবং হত্যাকাণ্ডে সহায়তার মতো অভিযোগ রয়েছে আসামিদের বিরুদ্ধে। এসব ঘটনায় অন্তত ২৮ জন নিহত হন বলে তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি উত্তরায় আরও ৩৪ জনকে হত্যার ঘটনায় সহায়তার অভিযোগও অন্তর্ভুক্ত করা হয়েছে।

চলতি বছরের ২১ জানুয়ারি ট্রাইব্যুনাল জয় ও পলকের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন। এর আগে গত বছরের ৪ ডিসেম্বর প্রসিকিউশনের দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেয় আদালত।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *