ওয়ান নিউজ ডেস্ক: দেশের তরুণদের মেধা ও কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রযুক্তিকে কাজে লাগিয়ে নাগরিক সেবাকে আরও জনবান্ধব, গতিশীল ও স্বচ্ছ করতে ২০২৬-২৭ অর্থবছরের নতুন বাজেটে ৫০০ কোটি টাকা বিশেষ বরাদ্দের প্রস্তাব করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। আজ বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে জাতীয় সংসদে দেশের ৫৫তম বাজেট বক্তৃতায় তথ্য-প্রযুক্তি খাতের এই বিশাল সম্ভাবনার কথা তুলে ধরে তিনি এই ঘোষণা দেন। অর্থমন্ত্রী তাঁর বক্তৃতায় অত্যন্ত স্পষ্ট ভাষায় উল্লেখ করেন যে, বর্তমান সরকার কৃত্রিম বুদ্ধিমত্তা, ইলেকট্রনিক্স শিল্প এবং যুবসমাজের উদ্ভাবনী সক্ষমতাকে জাতীয় উন্নয়ন ও আধুনিকায়নের অন্যতম প্রধান চালিকাশক্তি হিসেবে বিবেচনা করছে। এই বিশেষ বরাদ্দের অর্থ মূলত একটি ‘স্টার্ট-আপ তহবিল’ হিসেবে ব্যবহৃত হবে, যা দেশে নতুন নতুন তথ্য-প্রযুক্তি নির্ভর উদ্যোক্তা তৈরি, ফ্রিল্যান্সিং ও কনটেন্ট ক্রিয়েশনের প্রসার এবং বিশেষ করে নারী উদ্যোক্তা ও নারী উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বাজেট পরিকল্পনা অনুযায়ী, সরকার এআই প্রযুক্তি ব্যবহার করে আধুনিক ‘স্মার্ট সিটি’ বিনির্মাণ এবং দেশের সামগ্রিক শিক্ষা ব্যবস্থায় কৃত্রিম বুদ্ধিমত্তাকে অন্তর্ভুক্ত করার এক দূরদর্শী উদ্যোগ গ্রহণ করেছে, যাতে দেশের তরুণ প্রজন্মকে ভবিষ্যৎ বিশ্ববাজারের উপযোগী ও দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলা যায়। এছাড়া সরকারি পরিকল্পনা প্রণয়ন ও সেবা প্রদানের ক্ষেত্রে ‘এআই ড্রাইভেন ডাটা সেন্টার’ ব্যবহারের মাধ্যমে প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণকে আরও নিখুঁত ও কার্যকর করা হবে। অর্থমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন যে, কৃত্তিম বুদ্ধিমত্তা ব্যবহারের মাধ্যমে নাগরিক সেবার মান উন্নয়নের পাশাপাশি সরকারি ও প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা বহুলাংশে বৃদ্ধি পাবে। এই যুগান্তকারী ও আধুনিক প্রযুক্তি-নির্ভর উদ্যোগগুলো বাংলাদেশকে একটি উদ্ভাবন-উন্মুখ, প্রযুক্তি-সমৃদ্ধ এবং আত্মনির্ভরশীল কল্যাণ রাষ্ট্র হিসেবে রূপান্তরে এক ঐতিহাসিক ও অগ্রগামী ভূমিকা পালন করবে বলে বিশ্লেষকরা মনে করছেন।

