ওয়ান নিউজ ডেস্ক:
জ্বালানি, অর্থনীতি, মানবাধিকার ও গণভোটসহ গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যুতে আজ দিনব্যাপী কনভেনশনের আয়োজন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (৩ মে) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত এই কনভেনশনে রাজনীতিবিদ, অর্থনীতিবিদ, গবেষক ও নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।
দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, সকাল ৯টা থেকে শুরু হওয়া এই আয়োজনে উদ্বোধনী সেশনে সভাপতিত্ব করছেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন। স্বাগত বক্তব্য রাখছেন সংস্কার বাস্তবায়ন কমিটির উপ-প্রধান সারোয়ার তুষার। উদ্বোধনী পর্বে বিভিন্ন খাতের বিশিষ্টজনরা অংশ নিয়ে সমসাময়িক রাজনৈতিক ও সামাজিক বাস্তবতা নিয়ে মতামত তুলে ধরছেন।
দিনব্যাপী এই কনভেনশনে ধারাবাহিকভাবে চারটি মূল সেশন অনুষ্ঠিত হবে, যেখানে দেশের অর্থনৈতিক পুনর্গঠন, জ্বালানি নিরাপত্তা, মতপ্রকাশের স্বাধীনতা ও মানবাধিকার পরিস্থিতি এবং গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের করণীয় নিয়ে আলোচনা করা হবে। প্রতিটি সেশনে সংশ্লিষ্ট খাতের বিশেষজ্ঞ, গবেষক ও রাজনৈতিক নেতারা অংশ নিয়ে নিজ নিজ বিশ্লেষণ ও প্রস্তাবনা তুলে ধরবেন।
প্রথম সেশনে অর্থনৈতিক সংস্কার, দুর্নীতি দমন, রাজস্ব কাঠামো এবং কর্মসংস্থান নিয়ে আলোচনা করা হচ্ছে। দ্বিতীয় সেশনে বর্তমান জ্বালানি সংকট ও ভবিষ্যৎ করণীয় বিষয়ে বিশেষজ্ঞ মতামত উঠে আসছে। তৃতীয় সেশনে মানবাধিকার পরিস্থিতি ও মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে আলোচনা করা হচ্ছে, যেখানে আইনজীবী, সাংবাদিক ও মানবাধিকারকর্মীরা অংশ নিচ্ছেন।
দিনের শেষ পর্বে গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ, জুলাই সনদ এবং গণভোট বাস্তবায়ন নিয়ে সমাপনী আলোচনা অনুষ্ঠিত হবে। এতে বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা অংশ নিচ্ছেন বলে জানিয়েছে আয়োজকরা।
এনসিপির এই কনভেনশনকে দলটির ভবিষ্যৎ রাজনৈতিক দিকনির্দেশনা নির্ধারণ এবং জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে সমন্বিত অবস্থান তৈরির একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।

