ঝিনাইদহে যুবশক্তি নেতাকে তুলে নেওয়ার অভিযোগ, উত্তেজনা এনসিপিতে

ঝিনাইদহে যুবশক্তি নেতাকে তুলে নেওয়ার অভিযোগ, উত্তেজনা এনসিপিতে

ওয়ান নিউজ ডেস্ক:
ঝিনাইদহে যুবশক্তির এক নেতাকে ডিবি পুলিশ পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে। শনিবার রাতে যশোরের একটি ক্লিনিক থেকে অয়ন রহমান খান নামে ওই নেতাকে নিয়ে যাওয়া হয়েছে বলে দাবি করেছে তার পরিবার।

পরিবারের সদস্যদের ভাষ্য, অসুস্থ বাবার চিকিৎসার জন্য জনতা ক্লিনিকে অবস্থান করছিলেন অয়ন। রাত সাড়ে ১১টার দিকে কয়েকজন ব্যক্তি নিজেদের ডিবি পুলিশের সদস্য পরিচয় দিয়ে তাকে সঙ্গে করে নিয়ে যান।

অয়নের বোন জেরিন আখি জানান, ঘটনার পর থেকেই পরিবারের সদস্যরা উদ্বেগের মধ্যে রয়েছেন এবং কোথায় নেওয়া হয়েছে সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাচ্ছেন না।

সম্প্রতি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় অয়ন রহমান খানকে আসামি করা হয়। ছাত্রদলের পক্ষ থেকে করা ওই মামলায় আরও কয়েকজন নেতাকর্মীর নাম রয়েছে।

এ ঘটনায় এনসিপির নেতারা ক্ষোভ প্রকাশ করেছেন। দলটির যুগ্ম সদস্য সচিব তারেক রেজা অভিযোগ করে বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা ও হয়রানি করা হচ্ছে। একই সঙ্গে তাদের দায়ের করা মামলাগুলোতে এখনো দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলেও দাবি করেন তিনি।

ঘটনার পর স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *