ওয়ান নিউজ ডেস্ক:
বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দেশের সংকটময় পরিস্থিতিতে নেতৃত্ব দিয়ে রাষ্ট্রকে পুনর্গঠনের পথে এগিয়ে নিচ্ছেন।
শুক্রবার (১ মে) আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের আয়োজিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, মানুষের আস্থা অর্জনের মাধ্যমে তারেক রহমান ধাপে ধাপে রাষ্ট্র পরিচালনায় সফলতা দেখাচ্ছেন। তিনি একটি পরিকল্পিত কাঠামোর মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছেন এবং শ্রমজীবী মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক হিসেবে আবির্ভূত হয়েছেন।
তিনি আরও বলেন, অতীতে অর্থনীতি ও ব্যাংকিং খাতে যে সংকট তৈরি হয়েছিল, বর্তমান সরকার তা কাটিয়ে ওঠার জন্য কাজ করছে। দেশের সামগ্রিক উন্নয়ন ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
সমাবেশে বক্তব্য দিতে গিয়ে মির্জা ফখরুল বিগত আন্দোলনে নিহত শ্রমিকদের স্মরণ করেন এবং তাদের প্রতি শ্রদ্ধা জানান। পাশাপাশি হকারদের পুনর্বাসনে সরকারের উদ্যোগকে ইতিবাচক হিসেবে তুলে ধরেন।
শ্রমিকদের অধিকার প্রসঙ্গে তিনি ন্যূনতম মজুরি নির্ধারণ, শ্রমিক পরিবারের সন্তানদের শিক্ষা নিশ্চিতকরণ এবং চা শ্রমিকদের জীবনমান উন্নয়নের ওপর জোর দেন।
তিনি বলেন, একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হলে শ্রমিক শ্রেণির উন্নয়ন অপরিহার্য। এই লক্ষ্যেই সরকার কাজ করছে বলে জানান তিনি।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

