দিল্লিতে উপদেষ্টাকে বাধার জের: ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব, তীব্র প্রতিবাদ

দিল্লিতে উপদেষ্টাকে বাধার জের: ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব, তীব্র প্রতিবাদ

ওয়ান নিউজ ডেস্ক: ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) উচ্চপর্যায়ের বৈঠকে যোগ দিতে গিয়ে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি বিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমানকে ভারতীয় ইমিগ্রেশনের বাধা দেওয়ার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে ঢাকা। এই নজিরবিহীন ও অনাকাঙ্ক্ষিত প্রটোকল লঙ্ঘনের ঘটনায় আজ সোমবার (১৫ জুন) দুপুরে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনার পবন বঢেকে জরুরি ভিত্তিতে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের দায়িত্বশীল সূত্র জানিয়েছে, কূটনৈতিক নিয়ম মেনে আগে থেকেই চিঠির মাধ্যমে সফরের বিষয়টি দিল্লিকে জানানোর পরও একজন প্রতিমন্ত্রীর পদমর্যাদার উপদেষ্টাকে বিমানবন্দরে আটকে দেওয়ায় ভারতীয় দূতকে ডেকে নিয়ে বাংলাদেশের পক্ষ থেকে গভীর উদ্বেগ ও কড়া প্রতিবাদ জানানো হয়েছে। উল্লেখ্য, দিল্লিতে শুরু হওয়া দুই দিনব্যাপী আন্তর্জাতিক এই সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেওয়ার কথা ছিল উপদেষ্টা জাহেদ উর রহমানের; কিন্তু রোববার সন্ধ্যায় সেখানে পৌঁছালে ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাঁকে দীর্ঘক্ষণ আটকে রাখে। পরবর্তীতে ভারতের নীতি-নির্ধারণী মহলের হস্তক্ষেপে তাঁকে দেশে প্রবেশের অনুমতি দেওয়া হলেও, এই অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে এবং রাষ্ট্রীয় আত্মসম্মান বজায় রাখতে তিনি দিল্লি সফর বর্জন করেন এবং আজ দুপুরে শ্রীলঙ্কার কলম্বো হয়ে ঢাকায় ফিরে আসেন। এর আগে এই ন্যক্কারজনক ঘটনাকে ‘অনাকাঙ্ক্ষিত ও অত্যন্ত দুঃখজনক’ বলে আখ্যায়িত করে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান গণমাধ্যমকে জানিয়েছেন, দেশের একজন শীর্ষ প্রটোকলধারী ব্যক্তির সঙ্গে এমন আচরণের বিরুদ্ধে পররাষ্ট্র মন্ত্রণালয় আন্তর্জাতিক আইনানুযায়ী যথোপযুক্ত ও কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *