দীর্ঘ ৯৮১ দিন পর জাতীয় দলে ফিরে আবেগাপ্লুত নেইমার, ম্যাচ শেষে চোখে জল

দীর্ঘ ৯৮১ দিন পর জাতীয় দলে ফিরে আবেগাপ্লুত নেইমার, ম্যাচ শেষে চোখে জল

ওয়ান নিউজ ডেস্ক: শতভাগ ফিট না হলে কেবল নামের জোরে বিশ্বকাপে জায়গা হবে না—ব্রাজিলের হেড কোচ কার্লো আনচেলত্তির এমন কঠোর হুঁশিয়ারির শঙ্কা উড়িয়ে অবশেষে দীর্ঘ ৯৮১ দিন পর সেলেসাওদের ঐতিহ্যবাহী হলুদ জার্সি গায়ে জড়িয়ে মাঠে ফিরলেন তারকা ফরোয়ার্ড নেইমার জুনিয়র। আজ বৃহস্পতিবার (২৫ জুন) ভোরে স্কটল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের ম্যাচে মাঠে নেমে এই তারকা শুধু দীর্ঘ ইনজুরি ও মাঠের বাইরে থাকার যন্ত্রণার অবসানই ঘটাননি, বরং টানা চতুর্থ ফিফা বিশ্বকাপে অংশ নেওয়া খেলোয়াড়দের বিশেষ তালিকায় নাম লিখিয়ে এক নতুন ইতিহাসও রচনা করেছেন। ম্যাচের শুরুতে একাদশে না থেকে বেঞ্চে থাকলেও, ৭৬তম মিনিটে মাতেউস কুনহার পরিবর্তে নেইমার যখন মাঠে প্রবেশ করেন, তখন পুরো স্টেডিয়াম গ্যালারির হাজারো সমর্থকের করতালিতে মুখর হয়ে ওঠে। ডান পায়ের কাফ ইনজুরির কারণে এক মাসেরও বেশি সময় মাঠের বাইরে থাকা এবং সম্প্রতি পুরোপুরি সুস্থ হয়ে ফেরা ব্রাজিলের এই সর্বকালের সর্বোচ্চ গোলদাতা (১২৯ ম্যাচে ৭৯ গোল) ম্যাচ শেষের বাঁশি বাজার পরপরই আর নিজের আবেগ ধরে রাখতে পারেননি এবং মাঠের মধ্যেই কান্নায় ভেঙে পড়েন। দীর্ঘ সংগ্রামের পথ পেরিয়ে জাতীয় দলে ফেরার এই আবেগঘন মুহূর্তটি অবশ্য পরে মাঠের পাশেই তার স্ত্রী ও কন্যার সাথে দেখা হওয়ার পর মিষ্টি হাসিতে রূপ নেয়। এদিকে নেইমারের এই স্মরণীয় প্রত্যাবর্তনের ম্যাচে স্কটল্যান্ডকে ৩-০ গোলে অনায়াসে হারিয়ে বিশ্বকাপের রাউন্ড অব ৩২ নিশ্চিত করেছে ব্রাজিল, যেখানে ম্যাচের সপ্তম ও প্রথমার্ধের শেষদিকে ভিনিসিয়ুস জুনিয়র দুর্দান্ত জোড়া গোল করেন এবং বাকি গোলটি আসে কুনহার পা থেকে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *