ওয়ান নিউজ ডেস্ক:
দীর্ঘদিনের প্রতীক্ষার পর সরকারি চাকরিজীবীদের জন্য নবম পে-স্কেল বাস্তবায়নের প্রক্রিয়া এগোচ্ছে বলে জানা গেছে। অর্থ মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, ধাপে ধাপে নতুন বেতন কাঠামো কার্যকর করার সুপারিশ করা হয়েছে এবং আগামী ১ জুলাই থেকে এর প্রথম ধাপ চালু হতে পারে।
সম্প্রতি পুনর্গঠিত বেতন কমিশন সংশ্লিষ্ট কমিটি তাদের সুপারিশ জমা দিয়েছে। এই সুপারিশের ভিত্তিতে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে প্রয়োজনীয় বরাদ্দ রাখার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। নতুন প্রস্তাবে সর্বনিম্ন বেতন ২০ হাজার টাকা নির্ধারণের কথা বলা হয়েছে, যা বর্তমানে ২০তম গ্রেডের কর্মচারীদের মূল বেতনের তুলনায় উল্লেখযোগ্য বৃদ্ধি।
অর্থ মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, দ্রব্যমূল্য বৃদ্ধি, জীবনযাত্রার ব্যয় ও মুদ্রাস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে এই নতুন বেতন কাঠামো তৈরি করা হয়েছে। প্রথম ধাপে মূল বেতন বৃদ্ধি কার্যকর করা হবে, পরে ধাপে ধাপে অন্যান্য ভাতা বাড়ানোর পরিকল্পনা রয়েছে। তবে পুরো প্রক্রিয়া বাস্তবায়নে সরকারের উচ্চ পর্যায়ের চূড়ান্ত অনুমোদন প্রয়োজন।
২০১৫ সালে অষ্টম পে-স্কেল চালুর পর এক দশকের বেশি সময় পার হলেও নতুন পে-স্কেল বাস্তবায়ন হয়নি। রাজনৈতিক পটপরিবর্তনের পর বিষয়টি নতুন করে গুরুত্ব পায় এবং এ লক্ষ্যে কমিশন গঠন করা হয়। প্রস্তাবিত কাঠামো অনুযায়ী সর্বোচ্চ বেতন ১ লাখ ৬০ হাজার টাকা নির্ধারণের সুপারিশ করা হয়েছে এবং সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের অনুপাত কমিয়ে আনা হয়েছে।
নতুন কাঠামো বাস্তবায়িত হলে নিম্ন গ্রেডের কর্মচারীরা তুলনামূলকভাবে বেশি সুবিধা পাবেন। একইসঙ্গে ভাতা কাঠামোতেও পরিবর্তন আসবে, যা সরকারি চাকরিজীবীদের আর্থিক স্বস্তি বাড়াবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

