ওয়ান নিউজ ডেস্ক: নিরাপদ খাদ্য আইন, ২০১৩ সংশোধনের মাধ্যমে গুরুতর অনিয়মের ক্ষেত্রে সর্বোচ্চ ১০ লাখ টাকা প্রশাসনিক জরিমানা এবং আদায়কৃত অর্থের ২৫ শতাংশ তাৎক্ষণিকভাবে অভিযোগকারীকে দেওয়ার প্রস্তাব করেছে খাদ্য মন্ত্রণালয়। মঙ্গলবার (২৪ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে মো. আবদুস সালাম পিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠকে এ তথ্য জানানো হয়। বৈঠকে খাদ্যমন্ত্রী আফরোজা খানম ভেজালমুক্ত ও মানসম্মত খাদ্য নিশ্চিতে বিদ্যমান আইন আরও কঠোর করে প্রয়োজনে মৃত্যুদণ্ডের বিধান রাখার কথা উল্লেখ করেন এবং মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য ঠেকিয়ে সরাসরি কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহের নির্দেশ দেন। এছাড়া বৈঠকে ২০৩০ সালের মধ্যে দেশের খাদ্যগুদামগুলোর ধারণক্ষমতা বর্তমান ২২ লাখ ৯৩ হাজার টন থেকে ৩০ লাখ টনে উন্নীত করার পরিকল্পনা, খাদ্যবান্ধব কর্মসূচিতে শৃঙ্খলা ফেরাতে প্রতি ৫০০ জনের পরিবর্তে ২৫০ জন উপকারভোগীর জন্য একজন ডিলার নিয়োগের সংশোধিত নীতিমালা এবং গত ১৩ নভেম্বর থেকে তৈরি পোশাক শ্রমিকদের জন্য প্রতি শুক্রবার ৭৩টি ট্রাকের মাধ্যমে ৩০ টাকা কেজি দরে সর্বোচ্চ ১০ কেজি চাল বিক্রির বিশেষ ওএমএস কর্মসূচির অগ্রগতি তুলে ধরা হয়। মাঠপর্যায়ের যেকোনো সিন্ডিকেট ও অনিয়ম কঠোরভাবে দমনে সংশ্লিষ্ট সবাইকে নিষ্ঠার সঙ্গে কাজ করার নির্দেশ দেন কমিটির সভাপতি; বৈঠকে খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারীসহ কমিটির অন্যান্য সদস্য ও মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

