ওয়ান নিউজ ডেস্ক: আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে আইনি শর্ত ও সঠিক ক্রাইটেরিয়া পূরণ করলে আওয়ামী লীগের নেতাকর্মীরাও অংশ নিতে পারবেন বলে স্পষ্ট জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। আজ মঙ্গলবার (৯ জুন) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন সামগ্রিক কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই তথ্য জানান।
আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নিয়ে জানতে চাইলে তথ্য উপদেষ্টা বলেন, যেহেতু স্থানীয় সরকার নির্বাচনটি নির্দলীয়ভাবে অনুষ্ঠিত হবে, তাই শর্ত পূরণ সাপেক্ষে যেকোনো ব্যক্তিই এখানে প্রার্থী হতে পারেন। তবে যেহেতু দল হিসেবে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ রয়েছে, তাই কোনো প্রার্থী তার নির্বাচনী প্রচারণায় দলীয় পরিচয়, পদ-পদবি কিংবা দলের পক্ষে কোনো ধরনের বক্তব্য বা প্রচারণা ব্যবহার করতে পারবেন না। ডা. জাহেদ উর রহমান পরিষ্কার করে বলেন, ব্যক্তি হিসেবে যদি কেউ যোগ্য হন এবং নির্বাচনের সব শর্ত পূরণ করেন, তবে প্রার্থী হওয়ার ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে কোনো ধরনের বাধা দেওয়ার কারণ নেই; কিন্তু ব্যক্তি পরিচয়ের বাইরে গিয়ে ক্যাম্পেইনে নিষিদ্ধ দলটির রাজনৈতিক এজেন্ডা বা ব্যানার টানানো হলে তা নিয়মভঙ্গ হিসেবে গণ্য হবে।

