পঞ্চগড়ে বাড়ির মধ্যে ফুটবল যাওয়ায় তিন শিক্ষার্থীকে পিটিয়ে আহত

পঞ্চগড়ে বাড়ির মধ্যে ফুটবল যাওয়ায় তিন শিক্ষার্থীকে পিটিয়ে আহত

একেএম বজলুর রহমান, পঞ্চগড়:

বিদ্যালয়ের শিক্ষার্থীরা মাঠে ফুটবল খেলছিল। খেলার এক পর্যায়ে বলটি পাশের একটি বাড়িতে পড়ে যায়। এঘটনা কে কেন্দ্র করে বাড়ির মহিলা তিন শিক্ষার্থীকে মারপিট করে। সে মারপিটে শিক্ষার্থীরা আহত হন।

ঘটনাটি ঘটেছে পঞ্চগড়ের সদর উপজেলার জালাসি এলাকায়। ১১ জুন বৃহস্পতিবার দুপুরে জালাসি শাপলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

আহত শিক্ষার্থীরা হলো বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী রেজওয়ান খান অপূর্ব ও মিম হোসেন এবং চতুর্থ শ্রেণির শিক্ষার্থী তাওহীদ হাসান আশিক। আহতদের প্রথমে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তাদের পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হলে বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছে।

বিদ্যালয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিদ্যালয়ের টিফিন বিরতির সময় শিক্ষার্থীরা স্কুল মাঠে ফুটবল খেলছিল। খেলার একপর্যায়ে বলটি বিদ্যালয় সংলগ্ন একটি বাড়িতে গিয়ে পড়ে। এ সময় বাড়ির মালিক জয়তুন বেগম ক্ষিপ্ত হয়ে কয়েকজন শিক্ষার্থীকে লাঠি দিয়ে মারধর করেন। এছাড়া শিশুদের লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে। এতে তিন শিক্ষার্থী আহত হয়।

শাপলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজেদা জান্নাতুল পারভীন বলেন, আমাদের বিদ্যালয় সবসময় ফুটবল খেলায় ভালো ফলাফল করে। শিক্ষার্থীরা প্রতিদিন বিরতির সময় মাঠে খেলাধুলা করে। আজ বলটি পাশের বাড়িতে যাওয়ার পর ওই মহিলা কয়েকজন শিক্ষার্থীকে মারধর করেছেন বলে তারা আমাকে জানায়। শিক্ষার্থীরা কান্নাকাটি করছিল এবং তাদের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। পরে তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমরা এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

আহত শিক্ষার্থী তাওহীদ হাসান আশিকের বড় ভাই আবির বলেন, প্রতিবেশীরা যদি শিশুদের সঙ্গে এমন আচরণ করে, তাহলে শিক্ষার্থীরা স্কুলে আসতে ভয় পাবে। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

ঘটনার সত্যতা স্বীকার করে জয়তুন বেগমের স্বামী হাচান আলি বলেন, আমার স্ত্রী আমাকে জানিয়েছে, রান্নাঘরে ফুটবল গিয়ে পড়েছিল। এতে রাগ করে সে রান্নার কাজে ব্যবহৃত লাঠি দিয়ে শিশুদের আঘাত করেছে।

পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল ইসলাম বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *