আন্তর্জাতিক ডেস্ক:
ভারতের পশ্চিমবঙ্গসহ পাঁচটি রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু হয়েছে। সোমবার (৪ মে) স্থানীয় সময় সকাল ৮টা থেকে গণনা কার্যক্রম শুরু হয়, যার মধ্যে সবচেয়ে বেশি নজর রয়েছে পশ্চিমবঙ্গের ফলাফলের দিকে।
২৯৪ আসনের পশ্চিমবঙ্গ বিধানসভায় গত ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। তবে দক্ষিণ ২৪ পরগনার ফলতা কেন্দ্রে নির্বাচনী অনিয়ম ও গণতান্ত্রিক প্রক্রিয়া ভঙ্গের অভিযোগে নির্বাচন কমিশন ওই আসনের ভোট বাতিল করেছে। সেখানে আগামী ২১ মে পুনরায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে এবং ২৪ মে গণনা করা হবে। ফলে আজ ২৯৩টি আসনের ফলাফল গণনা করা হচ্ছে।
গণনা কার্যক্রমের শুরুতে পোস্টাল ব্যালটের ভোট গণনা করা হচ্ছে। এরপর পর্যায়ক্রমে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) দেওয়া ভোট গণনা করা হবে।
রাজ্যের রাজনৈতিক প্রেক্ষাপটে ২০১১ সালে বামফ্রন্টকে পরাজিত করে ক্ষমতায় আসে তৃণমূল কংগ্রেস। এরপর ২০১৬ ও ২০২১ সালের নির্বাচনেও বড় ব্যবধানে জয় পেয়ে ক্ষমতা ধরে রাখে দলটি। অন্যদিকে, বিজেপি ২০১৬ সালের পর থেকে নিজেদের অবস্থান শক্তিশালী করে ২০২১ সালে তৃণমূলের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে আত্মপ্রকাশ করে। বিপরীতে বাম-কংগ্রেস জোট ক্রমেই দুর্বল হয়ে পড়ে।
বুথ ফেরত সমীক্ষায় বিভিন্ন ইঙ্গিত থাকলেও চূড়ান্ত ফলাফলের জন্য অপেক্ষা করতে হচ্ছে ইভিএম গণনা শেষ হওয়া পর্যন্ত। এদিনের ফলাফলই নির্ধারণ করবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল সরকার পুনরায় ক্ষমতায় ফিরছে কিনা, নাকি বিজেপি নতুন করে রাজ্যে উত্থান ঘটাতে পারছে।
এদিকে আসাম, কেরালা ও তামিলনাড়ুতেও রাজনৈতিক পালাবদলের সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে। সম্ভাব্য যেকোনো অস্থিতিশীল পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট রাজ্যগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

