ওয়ান নিউজ ডেস্ক:
বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ে একযোগে বড় ধরনের রদবদল করেছে সরকার। অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১২ কর্মকর্তাকে বিভিন্ন ইউনিট ও জেলায় নতুন দায়িত্বে নিয়োগ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে এসব বদলির তথ্য জানানো হয়। জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও উল্লেখ করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, সাতক্ষীরা ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (এসপি) মকবুল হোসেনকে একই পদে কুষ্টিয়ায় বদলি করা হয়েছে। অন্যদিকে ঢাকা এপিবিএন-১২’র অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. ইকবালকে এপিবিএন-৫’র অধিনায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. এনামুল কবিরকে ঢাকা এপিবিএন-১২’র অধিনায়ক পদে নিয়োগ দেওয়া হয়েছে। একই সঙ্গে এপিবিএন-১৩’র অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ সিহাব কায়সার খানকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-এ অতিরিক্ত ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে।
র্যাবের পরিচালক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ কামরুজ্জামান এবং মো. খালিদুল হক হাওলাদারকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম পুলিশ কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
এছাড়া ডিএমপির উপপুলিশ কমিশনার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ রবিউল হোসেন ভূইয়াকে নৌ পুলিশের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। এপিবিএন’র অতিরিক্ত পুলিশ সুপার নুসরাত জাহান মুক্তাকে এসবির অতিরিক্ত পুলিশ সুপার পদে দায়িত্ব দেওয়া হয়েছে।
আরেকটি প্রজ্ঞাপনে ঢাকা জেলার পুলিশ সুপার মো. মিজানুর রহমানকে পিবিআইয়ে বদলি করা হয়েছে। তার স্থলে পুলিশ অধিদপ্তরের পুলিশ সুপার শামীমা পারভীনকে ঢাকা জেলার এসপি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
বাগেরহাটের পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরীকে চট্টগ্রাম রেঞ্জে বদলি করা হয়েছে। আর ডিএমপির উপপুলিশ কমিশনার হাসান মোহাম্মদ নাছের রিকাবদারকে বাগেরহাটের নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
পুলিশ প্রশাসনের দক্ষতা ও কার্যক্রম আরও গতিশীল করতে এই রদবদল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

