ওয়ান নিউজ ডেস্ক:
পুলিশ বাহিনীর যৌক্তিক দাবি ও কল্যাণমূলক সুবিধা ধাপে ধাপে বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, আধুনিক ও জনবান্ধব পুলিশ বাহিনী গড়ে তুলতে সরকার প্রয়োজনীয় উদ্যোগ নিচ্ছে।
রোববার (১০ মে) রাজধানীর রাজারবাগ পুলিশ মিলনায়তনে পুলিশ সপ্তাহ-২০২৬ উপলক্ষে আয়োজিত বিশেষ কল্যাণ সভায় তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, দীর্ঘদিন চাকরি করেও অনেক পুলিশ সদস্য পদোন্নতি পান না। এ বিষয়টি বিবেচনায় নিয়ে অবসরের আগে বিশেষ সম্মানসূচক পদোন্নতির পরিকল্পনা করছে সরকার। কনস্টেবল থেকে শুরু করে এসআই পর্যায়ের সদস্যদের জন্য এ সুবিধা চালুর কথা ভাবা হচ্ছে।
তিনি আরও বলেন, অতিরিক্ত দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদের জন্য ওভারটাইম ভাতা চালুর বিষয়েও সরকার ইতিবাচকভাবে ভাবছে। এতে বাহিনীর সদস্যদের মনোবল ও কাজের মান আরও বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।
সালাহউদ্দিন আহমদ বলেন, পুলিশের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করতে কেন্দ্রীয় ও বিভাগীয় হাসপাতালগুলো আধুনিকায়ন করা হবে। পাশাপাশি নতুন হাসপাতাল নির্মাণের পরিকল্পনাও রয়েছে সরকারের।
আবাসন সংকট নিরসনেও গুরুত্ব দিচ্ছে সরকার। বিভিন্ন ইউনিটের অফিস ও আবাসিক ভবন নির্মাণে প্রয়োজনীয় জমি ও অর্থ বরাদ্দকে অগ্রাধিকার দেওয়া হবে বলে জানান তিনি।
আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির কথা তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ব্যবসা ও সাইবার অপরাধ দমনে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। প্রযুক্তিনির্ভর অপরাধ মোকাবিলায় পুলিশ সদস্যদের আধুনিক প্রশিক্ষণের ওপরও জোর দেন তিনি।
এ সময় অনলাইন জুয়া, সাইবার ক্রাইম ও মানি লন্ডারিং প্রতিরোধে নতুন আইন প্রণয়নের উদ্যোগের কথাও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। পাশাপাশি ‘মব কালচার’ ঠেকাতে বিদ্যমান আইন আরও যুগোপযোগী করার পরিকল্পনার কথাও উল্লেখ করেন তিনি।

