ফারাক্কা ইস্যুতে আওয়ামী লীগকে দায়ী করলেন মির্জা ফখরুল

ফারাক্কা ইস্যুতে আওয়ামী লীগকে দায়ী করলেন মির্জা ফখরুল

পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত বাংলাদেশ: বিএনপি মহাসচিব

ওয়ান নিউজ ডেস্ক:
ফারাক্কা বাঁধ নির্মাণের কারণে বাংলাদেশ দীর্ঘদিন ধরে পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি অভিযোগ করেন, তৎকালীন আওয়ামী লীগ সরকারের সিদ্ধান্তের কারণেই দেশের উত্তর-পশ্চিমাঞ্চল আজ পরিবেশগত সংকটের মুখে পড়েছে।

ফারাক্কা দিবস উপলক্ষে শুক্রবার (১৫ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ১৯৭৬ সালের ১৬ মে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে লাখো মানুষ ফারাক্কা অভিমুখে ঐতিহাসিক লংমার্চে অংশ নিয়েছিল, যার মূল উদ্দেশ্য ছিল আন্তর্জাতিক আইন অনুযায়ী গঙ্গার পানির ন্যায্য হিস্যা আদায় করা।

তিনি দাবি করেন, ভারতের একতরফা পানি প্রত্যাহারের ফলে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে খরা, পানির সংকট এবং পরিবেশগত ভারসাম্যহীনতা তীব্র আকার ধারণ করেছে। কৃষি, জীববৈচিত্র্য ও নদীভিত্তিক অর্থনীতিও এতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

বিবৃতিতে বিএনপি মহাসচিব আরও বলেন, জনগণের মতামত উপেক্ষা করে তৎকালীন সরকার পরীক্ষামূলকভাবে ফারাক্কা বাঁধ চালুর অনুমতি দিয়েছিল। পরবর্তীতে সেটি স্থায়ী রূপ নেয় এবং এখন তা বাংলাদেশের জন্য ‘মরণফাঁদে’ পরিণত হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, ভারত থেকে প্রবাহিত অভিন্ন নদীগুলোতে একের পর এক বাঁধ নির্মাণের কারণে দেশের পরিবেশ ও অর্থনীতি হুমকির মুখে পড়ছে। এ পরিস্থিতি অব্যাহত থাকলে বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চল ভবিষ্যতে অনুর্বর হয়ে পড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।

মির্জা ফখরুলের ভাষ্য অনুযায়ী, ফারাক্কা দিবস আজও বাংলাদেশের অধিকার আদায়ের প্রতীক হিসেবে গুরুত্বপূর্ণ। তিনি বলেন, জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনই জাতীয় স্বার্থ রক্ষার সবচেয়ে বড় শক্তি।

বিএনপি মহাসচিব ফারাক্কা দিবস উপলক্ষে গৃহীত সব কর্মসূচির সফলতা কামনা করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *