ওয়ান নিউজ ডেস্ক: দীর্ঘমেয়াদি সংঘাতের ক্ষেত্রে বিপুল পরিমাণ অস্ত্রের মজুত থাকায় যুক্তরাষ্ট্রের তুলনায় ইরান অনেক বেশি সুবিধাজনক ও শক্তিশালী অবস্থানে থাকবে বলে মন্তব্য করেছেন সিএনএনের সামরিক বিশ্লেষক এবং অবসরপ্রাপ্ত মার্কিন বিমানবাহিনীর কর্নেল সেড্রিক লেইটন। সোমবার এক সাক্ষাৎকারে তিনি জানান, কয়েকমাস ধরে চলা মার্কিন হামলায় তেহরানের কমান্ড কেন্দ্র ও সামরিক অবকাঠামোর বেশ ক্ষয়ক্ষতি হলেও তাদের পাল্টা আঘাত হানার সক্ষমতা এখনো পুরোপুরি অটুট রয়েছে এবং তাদের মূল অস্ত্রভাণ্ডারের প্রায় দুই-তৃতীয়াংশ ড্রোন, রকেট ও ক্ষেপণাস্ত্র এখনো অক্ষত। অন্যদিকে, ‘ইসলামাবাদ সমঝোতা’ লঙ্ঘনের পর সংঘাতপূর্ণ এই পরিস্থিতিতে দুই শতাধিক মার্কিন সেনার প্রাণহানির পাশাপাশি যুক্তরাষ্ট্র ইতোমধ্যে প্রায় ১ হাজার ৪০০টি প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর ব্যবহার করে ফেলায় তাদের উচ্চক্ষমতাসম্পন্ন অস্ত্রের মজুত দ্রুত তলানিতে গিয়ে ঠেকছে; যা নতুন করে পূরণ করতে কয়েক বছর পর্যন্ত সময় লেগে যেতে পারে এবং এর ফলে বিশ্বজুড়ে মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থা চরম দুর্বল হওয়ার ঝুঁকিতে পড়বে। এমন উদ্বেগজনক প্রেক্ষাপটে যুদ্ধ যদি আরও সম্প্রসারিত হয়, তবে মার্কিন গোলাবারুদের তীব্র ঘাটতি ও এর সম্ভাব্য মারাত্মক নেতিবাচক প্রভাবের বিষয়ে শুক্রবার হোয়াইট হাউসে অনুষ্ঠিত এক বৈঠকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বিশেষভাবে সতর্ক করেছেন জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন।

