ডেস্ক রিপোর্ট:
বিএনপির রাজনীতি নিয়ে সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া দাবি করেছেন, দলের নীতিগত অবস্থানের কারণে তরুণ প্রজন্ম তাদের থেকে দূরে সরে যাচ্ছে। তিনি বলেন, বিএনপির শীর্ষ পর্যায়ের অনেক নেতার সন্তানেরাও বর্তমান রাজনীতিতে অসন্তুষ্ট এবং ভবিষ্যতে তাদের কেউ কেউ এনসিপিতে যোগ দিতে পারেন।
মঙ্গলবার (৫ মে) রাজধানীর বাংলামোটরে দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব মন্তব্য করেন। এ সময় বিভিন্ন শ্রেণি–পেশার মানুষের এনসিপিতে যোগদানের ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে সাবেক রাজনৈতিক ও সামাজিক পরিবারের সদস্যসহ কয়েকজন নতুন সদস্যকে আনুষ্ঠানিকভাবে দলে স্বাগত জানানো হয়। পাশাপাশি ‘ওয়ারিয়র্স অব জুলাই’ নামে একটি সংগঠনের হাজারো সদস্য দলটিতে যোগ দিচ্ছে বলেও জানানো হয়।
আসিফ মাহমুদ বলেন, দেশের বর্তমান চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন রাজনৈতিক বিকল্পের প্রয়োজনীয়তা থেকেই বিভিন্ন পর্যায়ের মানুষ এনসিপিতে যুক্ত হচ্ছেন। তিনি দাবি করেন, গণভোটের রায় বাস্তবায়ন ও নতুন রাষ্ট্র বিনির্মাণের প্রত্যাশা থেকেই এই আগ্রহ তৈরি হয়েছে।
তিনি আরও অভিযোগ করেন, বর্তমান রাজনৈতিক দলগুলো তাদের প্রতিশ্রুতি বাস্তবায়নে ব্যর্থ হয়েছে, যা জনগণের মধ্যে হতাশা তৈরি করেছে। তার মতে, এই পরিস্থিতিতে তরুণদের একটি বড় অংশ বিকল্প রাজনীতির দিকে ঝুঁকছে।
সংবাদ সম্মেলনে তিনি আঞ্চলিক রাজনীতি নিয়েও মন্তব্য করেন এবং প্রতিবেশী দেশের রাজনৈতিক পরিবর্তন নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। একই সঙ্গে দ্রুত স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের দাবিও জানান তিনি।
এ অনুষ্ঠানে এনসিপির অন্যান্য নেতারাও বক্তব্য দেন এবং নতুন সদস্যদের স্বাগত জানান।

