ডেস্ক রিপোর্ট:
দেশি-বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে প্রকল্প অনুমোদন প্রক্রিয়া আরও সহজ ও সময়োপযোগী করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সরকারি কল-কারখানাগুলোতে আন্তরিক বিনিয়োগকারীদের প্রয়োজনীয় সহায়তা দেওয়ার আশ্বাসও দিয়েছেন তিনি।
সোমবার (৪ মে) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এসব নির্দেশনা দেন তিনি। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আওতাধীন বন্ধ কল-কারখানাগুলোর বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ করণীয় নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, একটি কার্যকর বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি করতে হলে বিদ্যমান জটিলতা দূর করা অত্যন্ত জরুরি। তিনি নির্দেশ দেন, প্রকল্প অনুমোদনের ক্ষেত্রে অপ্রয়োজনীয় ধাপগুলো বাদ দিয়ে প্রক্রিয়াকে আরও দ্রুত ও কার্যকর করতে হবে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বর্তমানে একটি প্রকল্পের চূড়ান্ত অনুমোদন পেতে দীর্ঘ সময় লাগছে, যা বিনিয়োগকারীদের আগ্রহ কমিয়ে দিচ্ছে। বিভিন্ন দপ্তর থেকে অনুমতি নেওয়ার জটিলতাও বড় বাধা হিসেবে দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে অনুমোদন প্রক্রিয়া সহজীকরণকে অগ্রাধিকার দেওয়ার কথা বলা হয়েছে।
এছাড়া বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত কল-কারখানায় বেসরকারি বিনিয়োগ বাড়াতে সহজ শর্তে ঋণপ্রাপ্তির বিষয়েও গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরগুলোকে এ বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন।
বৈঠকে উপস্থিত ছিলেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির চৌধুরী, প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্প উপদেষ্টা রুহুল কবির রিজভী, অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তারসহ বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), বিটিএমসি ও বিজেএমসি’র শীর্ষ কর্মকর্তারা।
এই উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের শিল্প খাতে নতুন গতি আসবে এবং বিনিয়োগ পরিবেশ আরও শক্তিশালী হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

