নির্বাচন, সংস্কার ও দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা
ওয়ান নিউজ ডেস্ক:
জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার। রাজধানীর জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশ-ইইউ সম্পর্কসহ বিভিন্ন সমসাময়িক ইস্যু নিয়ে আলোচনা হয়।
বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন ইউরোপীয় ইউনিয়নের পলিটিক্যাল ফার্স্ট সেক্রেটারি সেবাস্টিন রিগার ব্রাউন।
জামায়াতে ইসলামীর পক্ষ থেকে জানানো হয়, বৈঠকটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। আলোচনায় জাতীয় সংসদ নির্বাচনের পর দেশের গণতান্ত্রিক পরিবেশ, চলমান সংস্কার কার্যক্রম এবং গণভোট-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় গুরুত্ব পায়।
এছাড়া ভবিষ্যৎ স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েও মতবিনিময় হয়েছে বলে জানা গেছে।
উভয় পক্ষ বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যকার সহযোগিতা, উন্নয়ন ও পারস্পরিক সম্পর্ক আরও জোরদার করার আশাবাদ ব্যক্ত করেন।
সাক্ষাৎকালে বিরোধীদলীয় নেতার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এবং এপিএস মোহাম্মদ নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।

