ওয়ান নিউজ ডেস্ক: বিশ্বমঞ্চে যুক্তরাষ্ট্রের বাইরে ইসরায়েলের আর কোনো শক্তিশালী অংশীদার অবশিষ্ট নেই—মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের এমন মন্তব্যের কড়া জবাবে ভারতকে টেনে এনে তীব্র কটাক্ষ করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। রোববার ‘ফক্স নিউজ সানডে ব্রিফিং’-এ দেওয়া এক সাক্ষাৎকারে ভ্যান্সের দাবিকে পুরোপুরি নাকচ করে নেতানিয়াহু উপহাসের সুরে বলেন, আমেরিকার বাইরেও যে ইসরায়েলের বিশ্বস্ত সুহৃদ রয়েছে তার বড় প্রমাণ প্রায় ১৪০ কোটি জনসংখ্যার ‘ভারত নামের ছোট একটি দেশ’, যেখানে তেল আবিবের প্রতি সাধারণ মানুষের অভূতপূর্ব ও উপচে পড়া সমর্থন রয়েছে যা তিনি নিজের ফেসবুক মাধ্যমেই স্পষ্ট দেখতে পান। গত মাসে হোয়াইট হাউজের পক্ষ থেকে মার্কিন-ইরান চুক্তি নিয়ে অসন্তুষ্ট ইসরায়েলি নেতাদের সংযত হওয়ার আহ্বান জানিয়ে জেডি ভ্যান্স মন্তব্য করেছিলেন যে, বৈশ্বিক প্রেক্ষাপটে ইসরায়েলের উচিত হবে না তাদের একমাত্র ক্ষমতাধর মিত্রকে (যুক্তরাষ্ট্র) আক্রমণ করা। এই বক্তব্যের প্রেক্ষিতে নেতানিয়াহু জোর দিয়ে জানান, বাহ্যিক প্রচারণার চেয়ে বিশ্বমঞ্চে ইসরায়েলের প্রকৃত বন্ধু দেশের সংখ্যা অনেক বেশি এবং মূলত ইসরায়েলের তৈরি বিশ্বমানের সাইবার প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং সামরিক কৌশলগত দক্ষতা অর্জন করতেই বহু দেশের শীর্ষ নেতারা জনমতের চাপ সামলেও তাঁর সাথে পর্দার অন্তরালে দ্বিপাক্ষিক চুক্তির জন্য মুখিয়ে থাকেন। উল্লেখ্য, দুই দেশের মধ্যকার এই গভীর ও দীর্ঘদিনের কৌশলগত অংশীদারিত্বের বিষয়টি চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ইসরায়েল সফরের সময়েও প্রতিধ্বনিত হয়েছিল, যেখানে মোদি ইসরায়েলকে নিজেদের পিতৃভূমি ও ভারতকে মাতৃভূমি আখ্যা দিয়ে দুই দেশের জনগণের পারস্পরিক শ্রদ্ধা ও বন্ধুত্বের ঐতিহাসিক বন্ধনকে পুনরুল্লেখ করেছিলেন।

