ওয়ান নিউজ ডেস্ক:
ইরানের সঙ্গে চলমান উত্তেজনা নিরসন এবং যুদ্ধ পরিস্থিতির অবসান ঘটাতে নতুন কূটনৈতিক তৎপরতা শুরু করেছে কাতার। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, কাতারের একটি প্রতিনিধি দল ইতোমধ্যে তেহরানে পৌঁছে গুরুত্বপূর্ণ আলোচনা চালিয়ে যাচ্ছে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করেই শুক্রবার কাতারের আলোচক দল ইরানে যায়। মূলত যুদ্ধ বন্ধ এবং দুই পক্ষের অমীমাংসিত বিষয়গুলো নিয়ে সমঝোতার পথ বের করাই তাদের প্রধান লক্ষ্য।
মধ্যপ্রাচ্যের বিভিন্ন সংকটে অতীতে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করলেও ইরান ইস্যুতে এতদিন সরাসরি সক্রিয় ছিল না কাতার। কারণ সাম্প্রতিক সংঘাতে ইরানের হামলার লক্ষ্যবস্তু হয়েছিল দেশটিও। তবে বর্তমান পরিস্থিতিতে আবারও আলোচনার টেবিলে সক্রিয় ভূমিকা নিতে দেখা যাচ্ছে দোহাকে।
সূত্রের দাবি, প্রতিনিধি দলটি এখন তেহরানে অবস্থান করছে এবং যুদ্ধবিরতি কার্যকর রাখার পাশাপাশি ভবিষ্যৎ সমঝোতা নিয়েও আলোচনা করছে। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখনো কোনো বক্তব্য দেয়নি কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়।
এদিকে যুদ্ধ শুরুর পর থেকেই পাকিস্তান মধ্যস্থতাকারী হিসেবে কাজ করে আসছে। তবে কাতারের এই সম্পৃক্ততাকে ওয়াশিংটন ও তেহরানের দীর্ঘদিনের কূটনৈতিক যোগাযোগের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখছেন বিশ্লেষকরা।
অন্যদিকে যুদ্ধবিরতি চালু থাকলেও পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়নি। যুক্তরাষ্ট্রের ইরানি বন্দর অবরোধ এবং হরমুজ প্রণালিকে ঘিরে উত্তেজনা এখনো উদ্বেগ বাড়াচ্ছে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, আলোচনায় কিছু ইতিবাচক অগ্রগতি দেখা যাচ্ছে। তবে এখনই চূড়ান্ত কোনো সিদ্ধান্তে পৌঁছানোর ব্যাপারে সতর্ক অবস্থান নিয়েছে ওয়াশিংটন। একই সঙ্গে পাকিস্তানের মধ্যস্থতাকারী ভূমিকাকেও প্রশংসা করেছেন তিনি।

