রক্তপাতহীন স্থানীয় সরকার নির্বাচনই প্রধান লক্ষ্য: সিইসি

রক্তপাতহীন স্থানীয় সরকার নির্বাচনই প্রধান লক্ষ্য: সিইসি

ওয়ান নিউজ ডেস্ক

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন বলেছেন, স্থানীয় সরকার নির্বাচনকে সংঘাতমুক্ত ও রক্তপাতহীনভাবে সম্পন্ন করাই নির্বাচন কমিশনের সবচেয়ে বড় লক্ষ্য। তিনি জানান, অতীতের অভিজ্ঞতা বিবেচনায় স্থানীয় সরকার নির্বাচনকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে কমিশন।

বৃহস্পতিবার (২১ মে) রাজধানীর একটি হোটেলে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশন (আনফ্রেল)-এর আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণ প্রতিবেদন প্রকাশ করা হয়।

সিইসি বলেন, অতীতে স্থানীয় সরকার নির্বাচনে ব্যাপক সহিংসতা ও প্রাণহানির ঘটনা ঘটেছে। এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে সবাইকে একযোগে কাজ করতে হবে। নির্বাচন কমিশনও সচেতনতা কার্যক্রম পরিচালনা করবে এবং রাজনৈতিক দলসহ সংশ্লিষ্ট পক্ষগুলোর সহযোগিতা নেওয়ার চেষ্টা করবে।

তিনি উল্লেখ করেন, বিভিন্ন পর্যবেক্ষণ সংস্থার তথ্য অনুযায়ী, অতীতের স্থানীয় সরকার নির্বাচনে উল্লেখযোগ্য সংখ্যক মানুষ নিহত ও আহত হয়েছেন। এ ধরনের সহিংসতা বন্ধ করাকে কমিশন অগ্রাধিকার দিচ্ছে।

এএমএম নাসির উদ্দিন বলেন, স্থানীয় সরকার জনগণের সবচেয়ে কাছের প্রতিষ্ঠান। তাই এই পর্যায়ের নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও সিটি করপোরেশনসহ দেশের বিভিন্ন স্তরের স্থানীয় সরকার নির্বাচন আয়োজন বিশাল দায়িত্ব বলেও মন্তব্য করেন তিনি।

সরকারের সহযোগিতার প্রসঙ্গে সিইসি বলেন, নির্বাচন আয়োজনের ক্ষেত্রে প্রশাসন, পুলিশ, সেনাবাহিনীসহ রাষ্ট্রীয় বিভিন্ন সংস্থার সহযোগিতা প্রয়োজন হয়। তিনি আশা প্রকাশ করেন, গণতান্ত্রিক সরকার ব্যবস্থার মধ্য দিয়েও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ বজায় রাখা সম্ভব হবে।

নির্বাচনী সংস্কার ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তিনি বলেন, কমিশন নির্বাচনী অভিজ্ঞতাগুলো নথিভুক্ত করতে চায়, যাতে ভবিষ্যৎ কমিশনগুলো সেসব থেকে শিক্ষা নিতে পারে।

তিনি আরও বলেন, নির্বাচন কমিশন কোনো রাজনৈতিক পক্ষের নয়। সবার জন্য সমান ও গ্রহণযোগ্য পরিবেশ নিশ্চিত করাই কমিশনের দায়িত্ব।

অনুষ্ঠানে ইসি সচিব আখতার আহমেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *