ওয়ান নিউজ ডেস্ক:
ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানীর অস্থায়ী পশুর হাটগুলোর ইজারা ঘিরে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে তীব্র প্রতিযোগিতা। এবার ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের বিভিন্ন হাটে বিএনপি, জামায়াতে ইসলামী এবং এনসিপি-সংশ্লিষ্ট নেতাদের সক্রিয় অংশগ্রহণে ইজারা প্রক্রিয়া বেশ আলোচনায় এসেছে।
সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, রাজধানীতে এবার মোট ২৭টি অস্থায়ী পশুর হাট বসানোর পরিকল্পনা রয়েছে। এর মধ্যে উত্তর সিটিতে ১৬টি এবং দক্ষিণ সিটিতে ১১টি হাট বসবে। ইতোমধ্যে কয়েকটি হাটের দরপত্র উন্মুক্ত করা হয়েছে।
সংশ্লিষ্টদের দাবি, দীর্ঘদিন পর রাজধানীর পশুর হাটে এবার প্রকৃত প্রতিযোগিতা তৈরি হয়েছে। আগে সীমিত কয়েকটি প্রভাবশালী সিন্ডিকেট কম দামে হাট ইজারা নিতো। তবে এবার একাধিক রাজনৈতিক ও ব্যবসায়ী গ্রুপ অংশ নেওয়ায় দর অনেক বেড়েছে।
হাটের ইজারা সংগ্রহকে কেন্দ্র করে দক্ষিণ সিটি করপোরেশনের একটি কার্যালয়ে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ও ধাক্কাধাক্কির ঘটনাও ঘটেছে বলে জানা গেছে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
বিভিন্ন সূত্র বলছে, রাজধানীর কয়েকটি বড় হাট নিয়ে এবার কোটি টাকার প্রতিযোগিতা চলছে। অনেক হাটের সরকারি মূল্য আগের তুলনায় কমানো হলেও দরপত্র জমার সময় অংশগ্রহণকারীদের প্রতিদ্বন্দ্বিতার কারণে ইজারা মূল্য কয়েকগুণ বেড়ে গেছে।
এদিকে পশুর হাট নিয়ন্ত্রণকে কেন্দ্র করে আন্ডারওয়ার্ল্ডের কিছু চক্রও সক্রিয় হয়ে উঠেছে বলে অভিযোগ রয়েছে। সম্প্রতি রাজধানীতে এক ব্যক্তির হত্যাকাণ্ডের পেছনেও হাট নিয়ন্ত্রণের বিরোধ ছিল বলে দাবি করেছে নিহতের পরিবার।
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন জানিয়েছে, এবার পুরো ইজারা প্রক্রিয়া উন্মুক্ত দরপত্রের মাধ্যমে পরিচালিত হচ্ছে এবং রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার চেষ্টা করা হচ্ছে। নির্ধারিত নিয়মের বাইরে কেউ হাট পরিচালনা করলে ব্যবস্থা নেওয়ারও সতর্কবার্তা দিয়েছে কর্তৃপক্ষ।

