ওয়ান নিউজ ডেস্ক:
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন পাকিস্তান জামায়াতে ইসলামীর আন্তর্জাতিক বিষয়ক সহকারী পরিচালক মাসুদ গাউস আইজাজী।
মঙ্গলবার (১২ মে) রাজধানীতে ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। সংগঠনটির পক্ষ থেকে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করা হয়েছে।
সাক্ষাৎকালে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলামের নেতৃত্বে দুই পক্ষ বিভিন্ন সমসাময়িক বিষয়, ছাত্রসমাজের ভূমিকা এবং সাংগঠনিক কার্যক্রম নিয়ে মতবিনিময় করেন। বৈঠকে পারস্পরিক সম্পর্ক ও অভিজ্ঞতা বিনিময়ের বিষয়েও আলোচনা হয় বলে জানা গেছে।
এ সময় পাকিস্তান জামায়াতের প্রতিনিধি বাংলাদেশে ছাত্রশিবিরের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে আগ্রহ প্রকাশ করেন এবং বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদের ভূমিকা নিয়ে মতামত তুলে ধরেন।
আলোচনা শেষে অতিথির হাতে সম্মাননা স্মারক তুলে দেন ছাত্রশিবির সভাপতি নূরুল ইসলাম। বৈঠকে সংগঠনের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ, দপ্তর সম্পাদক আজিজুর রহমান আজাদসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

